সড়ক বেহাল, আছে গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন–সংলগ্ন সড়ক খানাখন্দে ভরা। ছবিটি ২৩ জুলাই তোলা l প্রথম আলো
আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন–সংলগ্ন সড়ক খানাখন্দে ভরা। ছবিটি ২৩ জুলাই তোলা l প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

ওয়ার্ডের বিভিন্ন স্থানে উন্নয়নকাজের কমবেশি নমুনা দৃশ্যমান। জলাবদ্ধতার প্রকোপ খানিকটা কমেছে। স্থানীয় লোকজন বলছেন, এলাকায় বরাবরের মতো গ্যাসের চাপ কম থাকলেও সড়কবাতিগুলো আলো দিচ্ছে নিয়মিত। চুরি-ছিনতাই-মাদকের প্রকোপ আগের চেয়ে কম। তবে পূর্ব আগারগাঁওয়ে অফিসপাড়ার সড়কগুলো বেহালই আছে। নির্বাচনের দুই বছর পরও ঠিক হয়নি। ওয়ার্ডের এই অংশটুকু অনেক সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়ের ঠিকানা। তবে এর আশপাশের সড়কগুলোর বেহাল চেহারা দেখে তা বোঝার উপায় নেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের বর্তমান চিত্র এমনই। ২৩ জুলাই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এমনটিই চোখে পড়েছে। পূর্ব ও পশ্চিম আগারগাঁও, শ্যামলীর কিছু অংশ ও তালতলা এলাকা নিয়ে গঠিত দেড় বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে ভোটার ৪৫ হাজারের বেশি। হোল্ডিং সংখ্যা ১ হাজার ৭১৯। ওয়ার্ডটিতে সর্বসাধারণের জন্য নেই কোনো খেলার মাঠ, কমিউনিটি সেন্টার।

বেহাল সড়ক

পূর্ব আগারগাঁওয়ের সড়কগুলোতে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, পরিসংখ্যান ব্যুরো, পিকেএসএফ, বাংলাদেশ কোস্টগার্ড, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ নানা গুরুত্বপূর্ণ কার্যালয়। আছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর ও আবহাওয়া অধিদপ্তর। আশপাশেই রয়েছে নিউরো সায়েন্স হাসপাতাল, চক্ষু হাসপাতাল ও পঙ্গু হাসপাতালের মতো জরুরি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশন হয়ে পিকেএসএফের প্রধান কার্যালয় ও কোস্টগার্ড সদর দপ্তরের সামনে দিয়ে যাওয়া সড়কের অবস্থা সবচেয়ে করুণ।

সরেজমিনে দেখা যায়, গোটা সড়কটিই কমবেশি খানাখন্দে ভরা। তবে এর শেষের দিকে ৬০ ফুট সড়কের কাছাকাছি জায়গায় একটি বড় অংশজুড়ে পানি জমে আছে। জমে থাকা সেই পানির মধ্য দিয়ে চলতে গিয়ে চোরা গর্তে আটকে গেল একটা সিএনজিচালিত অটোরিকশা। কয়েকজন মিলে সেটি টেনে ওঠানোর চেষ্টার মধ্যেই পিছু হটল ওই পথে যাওয়ার জন্য আসা কয়েকটি ব্যক্তিগত গাড়ি।

প্রবীণ হাসপাতাল ও জরা গবেষণা কেন্দ্রের সামনের সড়কটিতে গিয়েও প্রায় একই অবস্থা চোখে পড়ল। এর বিপরীত পাশে রাজস্ব ভবনের জন্য নির্ধারিত জায়গায় গড়ে উঠেছে একটা বস্তি, রিকশার গ্যারেজ। 

দেখা যায়, পূর্ব আগারগাঁওয়ের তুলনায় ৬০ ফুট রাস্তার ওপারে পশ্চিম আগারগাঁওয়ের সড়কের অবস্থা খানিকটা উন্নত। সেখানকার বাসিন্দা আমিরুল ইসলামের মতে, গত দুই বছরের মধ্যেই সড়কগুলো সংস্কার করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, এক বছর আগে ওয়াসার তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকল্পের অধীনে আগারগাঁও এলাকার কয়েকটি সড়কে পানিনিষ্কাশনের পথ সংস্কার করা হয়েছে। সেই কাজের অংশ হিসেবে প্রবীণ হাসপাতালসংলগ্ন সড়কেও পানিনিষ্কাশনের পথ নির্মাণ করায় জমে থাকা পানি চলে যাচ্ছে কল্যাণপুর ‘চ’ খালে। যে কারণে এই এলাকার জলাবদ্ধতার সমস্যা খানিকটা কমেছে। তবে বাসিন্দাদের কথায় এলাকায় গ্যাস ও মাদকের সমস্যার বিষয়গুলো উঠে এল। এ বিষয়ে তালতলা সরকারি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মফিজুল হক বলেন, ‘বেশির ভাগ সময় গ্যাসের যা চাপ থাকে, তাতে গ্যাস থাকা না থাকা সমান। সামান্য ভাত রান্না হতেই যদি দুই ঘণ্টা লাগে, তাহলে সেই গ্যাস দিয়ে আমরা কী করব বলেন?’

পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আহসানুল কবিরের মতে, মাদকের স্থায়ী স্পটগুলো সরে গেলেও এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য কমেনি।

কল্যাণপুর ‘চ’ খালে আবর্জনা

২৮ নম্বর ওয়ার্ডের পানিনিষ্কাশনের অন্যতম পথ হচ্ছে কল্যাণপুর ‘চ’ খাল। ২৩ জুলাই বাংলাদেশ ফিল্ম আর্কাইভসের নির্মিতব্য ভবনের পেছনে দেখা যায়, খালের দুই পাশে গড়ে ওঠা বস্তির আবর্জনা সব খালেই ফেলা হচ্ছে। খালের ওপরেই গড়ে তোলা হয়েছে গোসলখানা ও কাঁচা পায়খানা। এক অংশে আবর্জনা ফেলতে ফেলতে খালের খানিকটা অংশ ভরাট করে ফেলা হয়েছে। এর পাশেই গড়ে তোলা হয়েছে একটি অস্থায়ী জ্বালানি কাঠ বিক্রির দোকান।

ফোরকান হোসেন
ফোরকান হোসেন

‘মশা নিয়ে খানিকটা বিব্রত’

২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. ফোরকান হোসেন। তিনি ২৩ জুলাই ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: নির্বাচনের দুই বছর পরও পূর্ব আগারগাঁওয়ের সড়কগুলো বেহাল কেন?

কাউন্সিলর: এটা আসলে আমাদের হাতে ছিল না। ওই এলাকায় কমবেশি ৯০টি প্রতিষ্ঠানের কার্যালয় আছে। লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে। সড়ক বেহাল হওয়ায় তাঁদের দুর্ভোগের শেষ নেই। তবে সম্প্রতি পিডব্লিউডি সড়কগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে। আগস্ট মাস থেকেই কাজ ধরার ইচ্ছা আছে।

প্রথম আলো: দুই বছরে ওয়ার্ডের উন্নয়নে কত টাকা ব্যয় করেছেন?

কাউন্সিলর: ২৮ কোটি টাকার মতো ব্যয় হয়েছে। চলতি বছর আরও ৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছি।

প্রথম আলো: বর্তমানে আপনার সামনে বড় চ্যালেঞ্জ কোনটি?

কাউন্সিলর: চ্যালেঞ্জ আসলে সেভাবে নেই। তবে মশার বিষয়টা নিয়ে খানিকটা বিব্রত। এর থেকে উত্তরণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।