সড়ক বেহাল, ছয় মাস ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুরা ফেরিঘাট সড়কের বেহাল দশা। সম্প্রতি মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকা থেকে তোলা ছবি  প্রথম আলো
রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুরা ফেরিঘাট সড়কের বেহাল দশা। সম্প্রতি মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকা থেকে তোলা ছবি প্রথম আলো

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুরা ফেরিঘাট সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছয় মাস ধরে সড়কটি দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে উত্তরবঙ্গের পাবনা, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার যোগাযোগের সহজ মাধ্যম জৌকুরা-নাজিরগঞ্জ নৌপথ। জৌকুরা ফেরিঘাট থেকে প্রতিদিন সকাল আটটা থেকে ২৪ মিনিট পর পর ফরিদপুরের উদ্দেশে আঞ্চলিক পরিবহন (লোকাল বাস) ছেড়ে যেত। স্থানীয় বিভিন্ন পণ্য দ্রুততম সময়ের মধ্যে শহরে পৌঁছানো সম্ভব হতো। কিন্তু দীর্ঘদিন থেকে সংস্কার না করায় বাগমারা-জৌকুরা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অতিরিক্ত ওজনবাহী ট্রাক প্রায়ই সড়কে নষ্ট হয়ে পড়ে থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব কারণে ছয় মাস আগে এই সড়কে আঞ্চলিক পরিবহন (লোকাল বাস) চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ।
সড়ক ও জনপথের (সওজ) রাজবাড়ী কার্যালয় থেকে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বাগমারা মোড় থেকে জৌকুরা ফেরিঘাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক ২০১১ সালে সংস্কার করা হয়। কিন্তু অতিরিক্ত ওজনবাহী ১০ চাকার বালুর ট্রাক চলাচল করায় সড়কটি বেহাল হয়ে পড়ে। এলাকার বাসিন্দারা অতিরিক্ত ওজনবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেন। সওজের পক্ষ থেকেও গান্ধীমারা হাইওয়ে পুলিশ ফাঁড়িকে একাধিকবার চিঠি দিয়ে পদক্ষেপ নিতে বলা হয়।
সওজ রাজবাড়ী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী বিমল কুমার সন্ন্যাসী বলেন, সড়কটি সর্বোচ্চ আট টন ওজন বহনকারী যান চলাচলের উপযোগী। কিন্তু সড়কটি দিয়ে অনেক বেশি ওজন বহনকারী ট্রাক চলাচল করে। এসব কারণে রাস্তা সংস্কারের পর নির্ধারিত সময়ের আগেই খানাখন্দের সৃষ্টি হয়েছে।