সড়ক বেহাল, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের সোনাপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দূরত্ব চার কিলোমিটার। কিন্তু গাড়িতে এই পথ যেতে সময় লেগে যায় প্রায় আধা ঘণ্টা। কারণ সংস্কারের অভাবে সড়কটি গাড়ি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কটি ঘুরে দেখা যায়, সড়কটির (সোনাপুর-থানারহাট ও বাংলাবাজার সড়ক) বেশির ভাগ অংশে পিচের আস্তরণ (কার্পেটিং) উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর পরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসসহ সোনাপুর-থানার হাট-আক্তারমিয়ার হাট ও সোনাপুর-চরজব্বার-চেয়ারম্যানঘাটসহ বিভিন্ন যাত্রাপথের শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
সড়কের সবচেয়ে খারাপ অবস্থা সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অংশের। অবস্থা এমনই যে সড়কের এই অংশে হাঁটতেও সমস্যা হয়। এতে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন প্রথম আলোকে বলেন, হলে আসন সংকটের কারণে তাঁরা শহরে থাকেন। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাস কিংবা অন্য গাড়িতে তাঁরা ক্যাম্পাসে যাতায়াত করেন। কিন্তু সড়কটির বর্তমানে যে দুরবস্থা, তাতে ক্যাম্পাসে এলে গাড়িতে করে শহরে যেতে ইচ্ছে করে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল কাইয়ুম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার সড়কের এমন অবস্থা খুবই দুঃখজনক। শহরে বসবাসকারী শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তির মধ্যে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়। একই দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও।
সড়কটি দিয়ে চলাচলকারী বাসের চালক মো. ইসমাইল বলেন, সড়কের দুরাবস্থার কারণে প্রতিদিনই গাড়ির নানা সমস্যা দেখা দেয়। এতে যাত্রী পরিবহন করে যে লাভ হয়, তার বেশির ভাগই গাড়ির রক্ষণাবেক্ষণে চলে যায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারে এর আগে একবার দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ঠিকাদার নির্ধারিত দরের অতিরিক্ত দর হাঁকানোর কারণে তা বাতিল হয়ে যায়। বর্তমানে নতুন করে দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে।