সড়ক বেহাল, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মিরসরাই-ফটিকছড়ি সড়ক। এতে এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় লোকজন বলেন, প্রায় ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি সংস্কার করা হলে মিরসরাইয়ের সঙ্গে ফটিকছড়ির যোগাযোগ যেমন সহজ হতো, তেমনি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটত।

স্থানীয় লোকজন বলেন, সংস্কারের অভাবে প্রায় দুই বছর ধরে সড়কে যান চলাচল কার্যত বন্ধ। মাঝেমধ্যে কিছু মিনি ট্রাক চলে। আসন্ন বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার করা না হলে এটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।

মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, দুই উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করতে সড়কটি নির্মাণ করা হয়। সড়ক নির্মাণের পর কৃষক ও ব্যবসায়ীরা ফলমূল, শাক-সবজি, কাঠ, বাঁশ ও ধান ফটিকছড়ি থেকে কম খরচে ও সহজে মিরসরাইয়ে আনতে পারতেন। ফটিকছড়িতেও সহজে পণ্য নেওয়া যেত।

স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালে বর্ষা মৌসুমে মিরসরাই সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে দোচাইল্লা নামক স্থানে বিশাল একটি পাহাড়ের অর্ধেক সড়কের ওপর ধসে পড়ে। এরপর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তা ছাড়া ওই সড়কের বেশির ভাগ অংশই সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

দেখে মনে হয়, এটি কোনো গ্রাম্য সড়ক। মাঝে প্রায় তিন কিলোমিটারের মতো সড়ক ভালো আছে।

স্থানীয় লোকজন বলেন, পাহাড়ধসের পর সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে কিছু মাটি সরিয়ে দেন। আসছে বর্ষা মৌসুমে আবারও পাহাড় ধসে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, সড়কটি সংস্কার করা এবং পূর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা চলছে। তিনি বলেন, সড়কটি পূর্ণাঙ্গভাবে চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমবে।