সড়ক বেহাল, দুর্ভোগ মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট-যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট পর্যন্ত পাকা সড়কটির কার্পেটিং ও পিচ (বিটুমিন) উঠে খানাখন্দে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত চার বছর এ সড়কটিতে কোনো সংস্কারকাজ না হওয়ায় অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী লোকজনকে।

ধুনট উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই পাকা সড়ক। ১৬ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সড়কটি পাকা করা হয়। শহড়াবাড়ি নৌঘাটকে কেন্দ্র করে সড়কটির গুরুত্ব বেড়েছে। তা ছাড়া প্রতিবছরই যমুনা নদীর ভাঙন ঠেকাতে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলে। এ কাজের জন্য ইট, সিমেন্ট, জিওটেক্স, পাথরসহ নানা নির্মাণ উপকরণ এ সড়কপথেই পরিবহন করা হয়। যমুনা নদীর পূর্ব পাড়ে রয়েছে তারাকান্দি ইউরিয়া সার কারখানা। সেখানে প্রস্তুত ইউরিয়া সার যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট হয়ে এ পথেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ফলে প্রতিদিন এ পথে ভারী ও অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলাচল করায় কার্পেটিং ও পিচ উঠে সড়কজুড়ে গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এ ছাড়া অনেক স্থানের কার্পেটিং উঠে ফাটল দেখা দিয়েছে কিংবা দেবে গেছে।

এ সড়কপথে চলাচলকারী ধুনটের কাপড় ব্যবসায়ী আবদুর রাজাক বলেন, এ সড়ক দিয়ে মুমূর্ষু কোনো রোগীকে উপজেলা কিংবা জেলা শহরে যানবাহনে করে চিকিৎসার জন্য নিতে হলে ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরও নাজুক হয়ে যায়। না পারতে হরিনাথপুর গ্রামবাসীর সহযোগিতায় কয়েক দিন আগে ইট-সুরকি ফেলে রাস্তার গর্ত ভরাট করা হয়েছে। কিন্তু বৃষ্টিতে অবস্থা যে সে-ই রয়ে গেছে।

বাসচালক ফণীন্দ্র নাথ রায় বলেন, রাস্তাটি মেরামত না করায় অনেক দিন ধরেই এ পথে বাস চালাতে অত্যন্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ১৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে দ্বিগুণ সময় লাগছে। তারপরও কখনো কখনো বাসের চাকা গর্তে পড়ে যায়। বিকল্প পথ না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে।

ধুনটের কাঁচামাল ব্যবসায়ী হজরত আলী বলেন, আগে শহড়াবাড়ি, গোশাইবাড়ি এলাকা থেকে কাঁচামাল কিনে শহরে আনতে মণপ্রতি ১০ টাকা ভাড়া দিতে হতো। এখন রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় মণপ্রতি মালামালের ভাড়া ১৫ টাকা হয়েছে।

অটোভ্যানচালক আবদুস সালাম বলেন, সড়ক ভালো থাকার সময় লোকজন ভ্যানে চড়েই চলাচল করত। এখন রাস্তার অবস্থার কারণে কেউ আর ভ্যানে চড়ে না। মালামালও বহন করা যায় না। গর্তের মধ্যে ভ্যানের চাকা পড়ে ভেঙে যায়।

উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুজ্জামান বলেন, ‘এই ধুনট-শহড়াবাড়ি সড়ক সংস্কারের বিষয়টি নিয়ে প্রতি মাসেই উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়। অথচ চার বছর ধরে কোনো কাজ হচ্ছে না। এতে এলাকাবাসীর কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কয়েক দফা পত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটির সংস্কারকাজসহ প্রশস্তও করা হবে।’