চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার মধ্যে যোগাযোগ স্থাপনকারী দুটি সড়ক প্রায় এক বছর ধরে বেহাল। এতে ওই তিন উপজেলার মানুষকে নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে খানাখন্দের কারণে যাতায়াতের সময় যেমন বেড়েছে, তেমনি খানাখন্দের কারণে যানবাহনের যন্ত্রাংশও নষ্ট হচ্ছে।
সড়ক দুটি হচ্ছে শিকলবাহা ওয়াই জংশন-আনোয়ারা সড়ক এবং আনোয়ারা জয়কালি বাজার-গাছবাড়িয়া সড়ক। প্রথম সড়কের দৈর্ঘ্য ৮ দশমিক ১ কিলোমিটার। দ্বিতীয় সড়কটি ১৬ কিলোমিটার দীর্ঘ।
সরেজমিন দেখা যায়, ওয়াই জংশন-আনোয়ারা সড়কের ফাজিলখাঁ হাট, ফকিরনির হাট, দৌলতপুর, চাতরি চৌমুহনী, মিয়ারহাট এবং কালাবিবির দীঘি অংশ খানাখন্দে ভরা। সড়কের ওপর বড় বড় গর্ত দেখা গেছে। কার্পেটিং উঠে গিয়ে দেখা যায় ইট ও কনক্রিট। সড়কের অন্যান্য অংশেও রয়েছে ছোট-বড় গর্ত।
এই সড়ক দিয়ে নিত্য চলাচলকারী পিকআপ চালক আবদুল মোবিন বলেন, ‘গত এক মাসে দুবার গাড়ি নষ্ট হয়েছে আমার।’ তাঁর প্রশ্ন, কীভাবে এক বছর ধরে একটি রাস্তা এ রকম থাকে?
একইভাবে আনোয়ারার সঙ্গে চন্দনাইশের সংযোগ স্থাপনকারী আনোয়ারা জয়কালি বাজার-গাছবাড়িয়া সড়কটিও বেহাল। সড়কের সৈয়দ কুচিয়া, চেয়ারম্যানঘাটা, বিলপুর, মালঘর বাজার, বরকল, হারালা ও চন্দনাইশ পৌর সদর এলাকায় ছোট-বড় অনেক গর্ত।
আনোয়ারা ও চন্দনাইশ উপজেলায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক নুরুল আবছার বলেন, ‘শিকলবাহা থেকে কালাবিবির দীঘি এবং জয়কালিহাট থেকে বরকল পর্যন্ত সড়ক খুবই খারাপ। এই সড়কে চলাচল করতে গিয়ে আমাদের গ্যাস খরচ যেমন বেশি হচ্ছে, তেমনি সময়ও নষ্ট হচ্ছে। গাড়িতে উঠলে যাত্রীরা গালাগাল করে। ১০ মিনিটের পথ যেতে লাগে ২০ মিনিট।’
এই তিন উপজেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন কাজে নগরে যায়। আবার নগর থেকেও বহু মানুষ তিন উপজেলার কর্মস্থলে যায়।
চন্দনাইশে কর্মরত উন্নয়নকর্মী শ্যামল মজুমদার বলেন, সড়ক ভাঙাচোরা হওয়ায় গাড়ি দ্রুত চলতে পারে না। যে কারণে শহর থেকে চন্দনাইশ যেতে আগের চেয়ে এখন ২০ থেকে ৩০ মিনিট সময় বেশি লাগে।
পশ্চিম পটিয়া বড় উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল আলম বলেন, ‘গত এক বছরে দুটি সড়কের জন্য তিনবার দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু তিনবারই নির্ধারিত টাকায় কোনো ঠিকাদার কাজ করতে রাজি হননি। কারণ, রাস্তার অবস্থা বেশি খারাপ। আর মন্ত্রীর (ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী) এলাকা বলে ঠিকাদারেরাও খুবই সচেতন। কারণ, যেনতেনভাবে কাজ করা যাবে না, সেটা তাঁরা বুঝতে পেরেছেন। চতুর্থবার দরপত্র আহ্বান করে ঠিকাদার পাওয়া গেছে।’
তাহের ব্রাদার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. মুনতাসির মামুন বলেন, ‘আমরা আগেও দুবার দরপত্রে অংশ নিয়েছিলাম। এবার ১৪ কোটি টাকায় কাজ করছি। আমরা প্রাথমিকভাবে হিসাব করে দেখেছি, এই টাকার মধ্যে ভালোভাবে সড়ক দুটি শেষ করতে পারব।’ তিনি বলেন, দ্রুত সড়ক দুটি সংস্কারে কাজ শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সওজের একজন প্রকৌশলী বলেন, ‘কী কী কাজ করতে হবে আমরা দরপত্রে সেটা উল্লেখ করে দিই। সেটার ওপর ভিত্তি করে ঠিকাদারেরা দর দেন। আমাদের প্রাক্কলিত দর থাকে। সেটার চেয়ে ঠিকাদারেরা বেশি দর দিয়েছিলেন। সে কারণে প্রথম তিনবার কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি।’ তিনি জানান, প্রাক্কলিত দরটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কখনো জানানো হয় না।
সওজের দোহাজারীর নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া প্রথম আলোকে বলেন, ‘তিনবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি। চতুর্থবার দরপত্র আহ্বান করে দুটি সড়কের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারা শিগগির কাজ শুরু করবে। আগামী ছয় মাসে পুরোপুরি সংস্কার সম্ভব না হলেও বেশির ভাগ হয়ে যাবে বলে আশা করছি।’ তিনি বলেন, দুটি সড়কের টানা সম্পূর্ণ ভাঙা অংশ ২ কিলোমিটারের বেশি। এ ছাড়া দুটি সড়কের ২৪ কিলোমিটারজুড়েই আছে খানাখন্দ।