সড়ক ভবনে গুলির ঘটনায় আরও দুজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ভবনে গুলির ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আরও দুই কর্মচারীকে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন: সওজের অফিস সহকারী ও সরকার-সমর্থক সওজের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার কামাল উদ্দিন এবং সওজের ক্যাশ সরকার ফজলুর রহমান।১২ জুন সড়ক ভবনে গুলির ঘটনায় করা মামলায় কামাল ও ফজলুর আসামি। ওই ঘটনার পর থেকে তাঁরা কর্মস্থলে আসছেন না। এ মামলার আরেক আসামি সওজের স্টোরকিপার আবুল কালাম আজাদকে পুলিশ ওই দিনই গ্রেপ্তার করে। পরদিন তাঁকে সাময়িক বরখাস্ত করে সওজ। সওজের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর গতকাল প্রথম আলোকে বলেন, গুলির ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় দুই দিন বাড়ানো হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।আধিপত্য বিস্তার ও দরপত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে ১২ জুন কামাল উদ্দিনের পক্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ার ও যুবলীগের কর্মী ফরিদ উদ্দিন সেন্টুর পক্ষের ওপর গুলি করেন। এতে শামীমসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এই দুই পক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সড়ক ভবনে টেন্ডারবাজির অভিযোগ আছে।