সড়ক ভবনের দখলি জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ভবনের অবৈধ দখলে থাকা জমি আগামী বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে বলেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট মৌখিকভাবে এ আদেশ দেন।সড়ক ভবনের ভূমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়াসংক্রান্ত সর্বোচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে ১৪ ফেব্রুয়ারি যোগাযোগসচিবসহ চারজন কর্মকর্তাকে ১৬ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। গতকাল সকালে যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ এন সিদ্দিকী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও জনপ্রশাসন) মো. ফরিদুল আলম আদালতে হাজির হন। প্রথমে প্রকৌশলী মফিজুল ইসলাম হাজির হননি। পরে আদালত তাঁকে হাজির হতে সময় বেঁধে দেন। বেলা সোয়া ১১টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁরা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।আদালতে এম এ এন সিদ্দিকী বলেন, ‘আমি নভেম্বর মাসে দায়িত্ব নিয়েছি। ডিসেম্বর মাসে এক চিঠিতে সড়ক ও জনপথ বিভাগকে ওই জমি ছেড়ে দিতে বলেছি।’ আদালত বলেন, ‘আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার যদি এসে বলেন রায় অনুযায়ী তাঁরা সব জমি বুঝে পেয়েছেন, তাহলে আপনারা আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।’ ওই দিন রায় বাস্তবায়নের প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে।আদালতে কর্মকর্তাদের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও আদালত অবমাননার আবেদনকারী পক্ষে ছিলেন মনজিল মোরসেদ।