সড়ক ভবনের বিষয়ে নির্দেশনা বিবেচনার অনুরোধ স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ভবন ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া নির্দেশনা বিবেচনা করতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার তিনি এই অনুরোধ জানান।সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, সড়ক বিভাগকে ৬ জুনের মধ্যে সড়ক ভবন ছেড়ে দিতে হবে। এ বিষয়ে গতকাল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে শাহরিয়ার আলম বলেন, ‘সড়ক বিভাগ ৫২ বছর ধরে সড়ক ভবনে অবস্থান করছে। স্বল্প নোটিশে প্রতিষ্ঠানটি কোথায় যাবে? আদালতের সমালোচনা করা যায় না। সংবিধানের ৭৮ অনুচ্ছেদে সংসদ সদস্যদের দায়মুক্তি দেওয়া হয়েছে। তাই আদালতকে নিয়ে বলতে পারি। কারণ, আমরা দায়মুক্ত।’এরপর স্পিকার বলেন, ‘সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ রাষ্ট্রের প্রধান স্তম্ভ। এ তিনটি প্রতিষ্ঠানকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তাই বিচার বিভাগের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দেশের স্বার্থেই তাঁরা যেন বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। ভাবতে হবে, এ দেশটি আমার। আমি কী হনু রে, ক্ষমতা পাইছি, এটা ভাবলে হবে না।’স্পিকার বলেন, এখন আদালতের কারণে যদি সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, তাহলে তো সরকার প্যারালাইজড হয়ে যাবে। রাস্তাঘাট যদি খারাপ হয়, তাহলে দেশে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ রাস্তা দিয়ে তো বিচারপতিরাও চলাফেরা করেন। সুতরাং, বিষয়টি নিয়ে তাঁরা যেন বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আমরা আইন করেছি, সেই আইন জনগণের কাজে না লাগলে জনগণ রুখে দাঁড়াবে। সরকারও যদি স্বৈরাচারী আচরণ করে, তাহলে সে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাসও রয়েছে।‘মধ্যস্থতার কথা বলিনি’: স্পিকার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি বিরোধী দলের সঙ্গে সরকারের মধ্যস্থতা করার কথা বলিনি। অথচ পত্রপত্রিকায় ছাপা হয়েছে, আমি মধ্যস্থতার কথা বলেছি। আমি বলেছি, পার্লামেন্টে ডিবেট হলে তাতে মতামত দিতে পারি। আপনারা যদি আলোচনা করতে চান, আই ক্যান অ্যারেঞ্জ। পার্লামেন্টে শপথ কক্ষ আছে, কমিটি কক্ষ আছে। আলোচনার ব্যবস্থা করতে পারি। চা-নাশতার ব্যবস্থা করতে পারি। কিন্তু সেখানে থাকব, মধ্যস্থতা করব, তা তো বলিনি। আমার যদি স্লিপ অব টাং হয়, তাও আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি তো মধ্যস্থতার কথা বলিইনি। পান থেকে চুন খসলেই যদি আপনারা এভাবে লেখালেখি করেন, তাহলে আমাকে বোবা হয়ে যেতে হবে। বোবার কোনো শক্র নেই।’এরপর জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘সাংসদদের গণমাধ্যমে হরহামেশা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে। যখন তখন নগ্ন করে দিচ্ছে। আমরা জানি, পত্রিকা কার। পয়সা দিলে কী ছাপা হয়, আর কী ছাপা হয় না।’