সড়ক ভবনের ‘এ’ ব্লক হস্তান্তরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ভবনের ‘এ’ ব্লক ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী ১১ জুলাই পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের সম্পত্তি রক্ষার নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১০ মার্চ হাইকোর্ট সড়ক ভবন ও শিশু একাডেমীর ৫৫ একর জায়গা সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসাবে ঘোষণা করে রায় দেন। ৯০ দিনের মধ্যে ওই সম্পত্তি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে বলা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রায় অনুযায়ী পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদনকারী পক্ষ আদালত অবমাননার আবেদন করেন। পরে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এরপর বিবাদীপক্ষ ‘বি’ ও ‘সি’ ব্লকের দখল হস্তান্তর করেন। তবে ‘এ’ ব্লকের দখল বুঝিয়ে দিতে সময় চাওয়া হয়। আদালত অবমাননার বিষয়টি গতকাল ওই বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়। বিবাদীপক্ষ ‘এ’ ব্লক বুঝিয়ে দিতে গতকাল সময়ের আবেদন জানায়। আদালতে মূল রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। যোগাযোগসচিবসহ বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। আইনজীবী মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সড়ক ভবনের ‘এ’ ব্লক বুঝিয়ে দিতে সময় চাওয়া হয়েছিল। আদালত এক মাসের মধ্যে ব্লকটি হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন।