সড়ক ভাঙাচোরা, গর্ত, যাত্রী দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মদিনা মার্কেট-হাওলাদারপাড়া সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত সোমবার কালিবাড়ী এলাকায় l প্রথম আলো
সিলেট নগরের মদিনা মার্কেট-হাওলাদারপাড়া সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত সোমবার কালিবাড়ী এলাকায় l প্রথম আলো

স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। পিচ উঠে পাথর বেরিয়ে এসেছে। কোথাও আবার দেখা দিয়েছে বড় গর্তের। তাই রিকশা কিংবা সিএনজি অটোরিকশার যাত্রীদের প্রচণ্ড ঝাঁকুনির মধ্যেই পথ চলতে হচ্ছে। আর এ অবস্থা সিলেট নগরের মদিনা মার্কেট-হাওলদারপাড়া সড়কের।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পাঁচ মাস ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকলেও তা সংস্কারে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। এ অবস্থায় এলাকাবাসীকে ঘর থেকে বাইরে বেরিয়েই দুর্ভোগে পড়তে হচ্ছে। দুজন এলাকাবাসীর ভাষ্য, নগরে যাতায়াতের জন্য এটিই প্রধান সড়ক। তাই সড়কটি সংস্কারের অভাবে স্থানীয় ব্যক্তিদের ভোগান্তি বেশি হচ্ছে।

গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সড়কের নোয়াবাজার, কালীবাড়ি, হাওলদারপাড়া অংশে ভাঙাচোরা অংশ বেশি। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে গর্তের। এ অবস্থায় ঝাঁকুনির মধ্যেই পথ চলছে সবাই। স্থানীয় ব্যক্তিদের হিসাবে, সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণশাসন, নোয়াপাড়া, করেরপাড়া, কালীবাড়ি, নোয়াবাজার, পনিটুলা ও হাওলদারপাড়া এলাকার কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন এ সড়ক ব্যবহার করে।

নগরের হাওলদারপাড়া এলাকার বাসিন্দা মানব রায় বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এখন যেহেতু শুষ্ক মৌসুম, তাই দ্রুতই সড়কটি সংস্কার করে ফেলা উচিত। কালীবাড়ি এলাকার বাসিন্দা মন্টু দাশ বলেন, বর্ষা মৌসুম বেশ আগেই শেষ হয়েছে। অথচ সড়কের সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ অবস্থায় স্থানীয় ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুষ্ক মৌসুম হওয়ায় ভাঙা সড়ক থেকে সারাক্ষণই ধুলা ওড়ে।

স্থানীয় সাতজন বাসিন্দা জানান, সড়কটি ভাঙা থাকায় বয়স্ক ব্যক্তি, নারী, শিশু ও রোগীদের পথ চলতে সমস্যা হয়। বিশেষ করে রাতের বেলা প্রায়ই গর্তে পড়ে রিকশা উল্টে পড়ছে। অনেক সময় পথচারীরা হাঁটতে গিয়ে অসাবধানবশত গর্তে পড়ে আহত হচ্ছে।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মদিনা মার্কেট-হাওলদারপাড়া সড়ক সংস্কারের কাজ শিগগিরই শুরু হবে। এরই মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান প্রথম আলোকে বলেন, সপ্তাহখানেকের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু হবে। এরপর স্থানীয় লোকজনের আর দুর্ভোগ থাকবে না।