সড়ক ভেঙে পড়ছে খালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাঁশখালী সড়ক এভাবে ভেঙে যাচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাঁশখালী সড়ক এভাবে ভেঙে যাচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা-পূর্ব চরবাটা ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশখালী সড়কের কয়েকটি অংশ পাশের খালে ভেঙে পড়ছে। ভাঙনের কারণে হুমকিতে আছে বাঁশখালী সেতুসহ কয়েকটি কালভার্টও।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কটির বাঁশখালী সেতু থেকে ছমিরহাট বাজারের মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটারের মধ্যে অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বাঁশখালী সেতু ঘেঁষে দক্ষিণ পাশের মোড়ে সড়কের অন্তত ৫০ ফুট, দক্ষিণে নন্দ মহাজন বাড়ির সামনে সড়কের দুই অংশে প্রায় ২০ ফুট ও নবী মেম্বারের বাড়িসংলগ্ন মসজিদের মোড়ে আরও প্রায় ২০ ফুট সড়ক পাশের খালে ভেঙে পড়েছে। অব্যাহত ভাঙনের কারণে এসব স্থানে সড়ক সরু হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি ছোট কালভার্টও ধসে পড়ার উপক্রম হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পথচারী বলেন, বাঁশখালী সড়ক দিয়ে চরবাটা ও পূর্ব চরবাটা ছাড়াও পাশের চরক্লার্ক ইউনিয়নের মানুষ যাতায়াত করে। স্থানীয় ছমিরহাট ও চরক্লার্কের বাংলাবাজারের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে মালামাল আনা-নেওয়া করেন। একই সঙ্গে এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্যও বাজারে নেওয়ার সহজ মাধ্যম এই সড়ক। কিন্তু বিগত পাঁচ-ছয় বছরেও সড়কটির ভাঙনরোধে সংশ্লিষ্ট দপ্তরের কোনো উদ্যোগ তাঁদের চোখে পড়েনি।

স্থানীয় লোকজন বলেন, সড়কের দুরবস্থার কারণে ছমিরহাট ও বাংলাবাজারের অনেক ব্যবসায়ী ভিন্ন পথে পণ্য আনেন। এতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। একই কারণে এই সড়কটি দিয়ে যাতায়াতকারী খাসেরহাট উচ্চবিদ্যালয়, চরবাটা বালিকা উচ্চবিদ্যালয়, সৈকত ডিগ্রি কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তির শিকার হতে হয়।

চরবাটা খাসের হাট উচ্চবিদ্যালয়ের ছাত্র নাহিদ হোসেন বলল, কয়েক দিন আগে বাঁশখালী সেতুর দক্ষিণের মোড়ে ভাঙা সড়ক দিয়ে সাইকেল নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় সে খালে পড়ে যায়। এতে সে আহত হয়। এভাবে প্রায় সময় সড়কে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. তাসাউর রহমান প্রথম আলোকে বলেন, বাঁশখালী সড়কের ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সড়কের সংস্কারকাজ শুরু হবে বলে তিনি আশা করছেন।