সড়ক ভেঙে ৬০ লাখ টাকার ক্ষতি
সম্প্রতি পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন পাঁচটি রাস্তার অন্তত দুই হাজার মিটার অংশ ভেঙে গেছে। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দফায় দফায় প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের তোড়ে উপজেলার আলীনগর-আদমপুর, আলীনগর ইউপির মঙ্গলপুর-কমলগঞ্জ উপজেলার রাস্তা, মাধবপুর ইউপির টিলাগাঁও-ভাষানীগাঁও রাস্তা ও রহিমপুর ইউপির মুন্সীবাজার-মির্ত্তিঙ্গা রাস্তার বেশ কিছু অংশ ভেঙে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদমপুর-আলীনগর রাস্তার উত্তর ভানুবিল এলাকা ও মঙ্গলপুর গ্রামের অংশ। এই রাস্তা দুটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটির বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ফুট ভেঙে যায়।
বিশ্বব্যাংকের অর্থায়নে আলীনগর-চিৎলিয়া-আদমপুর সড়কটিতে সম্প্রতি পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়। এ সড়ক ব্যবহার করে আদমপুর ও আলীনগর ইউপির প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করে। শিক্ষার্থীরা এ সড়ক ব্যবহার করে উপজেলা সদরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এ ছাড়া কমলগঞ্জ-মঙ্গলপুর রাস্তা ব্যবহার করে চিৎলিয়া, জাঙ্গালিয়া ও যোগীবিল গ্রামের মানুষজন সদরে যাতায়াত করে। মাধবপুর ইউপির টিলাগাঁও-ভাষানীগাঁও রাস্তা ব্যবহার করে শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে। তা ছাড়া রহিমপুর ইউপির মির্ত্তিঙ্গা চা-বাগানের রাস্তা ব্যবহার করে উপজেলার মানুষজন সহজেই মৌলভীবাজার-শ্রীমঙ্গল মহাসড়কে যায়।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, আদমপুরের ধলাই হাজি সড়কের প্রায় ৩০০ মিটার অংশ ভাঙা। মুন্সিবাজার ভায়া মির্ত্তিঙ্গা পাকা রাস্তার চা-বাগানের সামনে ৮ থেকে ১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। মাধবপুর ইউপির টিলাগাঁও-ভাষানীগাঁও সড়কের প্রায় ১০০ ফুট অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে অনেক গ্রামে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসব গ্রামের বাসিন্দারা সহজে উপজেলা সদরে যেতে-আসতে পারছে না।
আলীনগর ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আলীনগর-চিৎলিয়া-আদমপুর ও মঙ্গলপুর-কমলগঞ্জ রাস্তা ভেঙে চিৎলিয়া, জাঙ্গালিয়া ও যোগীবিল গ্রামের মানুষজনের উপজেলা সদর, হাটবাজারে যাতায়াতে ও শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে কষ্ট হচ্ছে।
আলীনগর ইউপির চেয়ারম্যান ফজলুল হক, মাধবপুর চেয়ারম্যান পুষ্প কুমার গ্রামীণ রাস্তাগুলোর এ অবস্থার কথা উপজেলা এলজিইডি প্রকৌশলীকে অবহিত করে দ্রুত মেরামতের জন্য আবেদন করেছেন। ভাঙনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ নিশ্চিত করেন।