গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া-পিরুজালী নুহাশপল্লী সড়কে কার্পেটিং উঠে ভেঙেচুরে একাকার হয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে এলাকাবাসী ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী।এলাকাবাসী ও এলজিইডি থেকে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে পিরুজালী নুহাশপল্লী পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য সাত কিলোমিটার। একসময় পুরো সড়কে কার্পেটিং করা ছিল। কিন্তু গত বর্ষা মৌসুমে সড়কটির বেশির ভাগ অংশে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ওই সময় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু হলে তাঁর কবর পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে দেওয়া হয়। তখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাজীপুর সদর উপজেলার কর্মকর্তারা দ্রুত সড়কটি দায়সারা করে সংস্কার করেন। দু-তিন মাস ভালো থাকলেও সড়কটি আবারও বেহাল হয়ে পড়েছে।হুমায়ূন আহমেদের কবর নুহাশপল্লীতে হওয়ায় এবং এলাকায় বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র থাকায় প্রতিদিন লোকজন জীবনের ঝুঁকি নিয়ে সড়কে যাতায়াত করছে। এ ছাড়া ওই সড়ক দিয়ে প্রতিদিন অর্ধশত গ্রামের মানুষ নানা প্রয়োজনে চলাচল করে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, হোতাপাড়া থেকে নুহাশপল্লী পর্যন্ত যাওয়ার রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। এর মধ্যে হোতাপাড়া, মণিপুর, খাসপাড়া, মণ্ডলবাড়ী, এনায়েতপুর অংশে বেশি গর্ত। যানবাহনগুলো কিছুক্ষণ পর এঁকেবেঁকে ঝুঁকি নিয়ে চলাচল করছে। কথা হয় পিরুজালী মণ্ডলপাড়ার মো. বিপুল মিয়ার সঙ্গে। তিনি বললেন, ‘ভাই, আমাগো রাস্তাটা আর ভালা হইল না। এলাকার লোকজন মেম্বর-চেয়ারম্যানগো কত কইল। তার পরও কোনো কাজ হইতাছে না।’হিউম্যান হলারের চালক সফিউদ্দিন বলেন, ‘সড়কে গর্ত থাকায় প্রায় প্রতিদিনই গাড়ি নষ্ট হইয়া যায়। এতে আমাদেরও ক্ষতি হয় আবার যাত্রীরাও কষ্ট করে।’পিরুজালী গ্রামের নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. বুলবুল আহাম্মেদ বলেন, ‘হুমায়ূন স্যারের কবর জিয়ারত করতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অনেক ভক্ত ও পর্যটক এখানে আসে। কিন্তু ভাঙাচোরা রাস্তার জন্য তারা চরম দুর্ভোগে পড়ে। হুমায়ুন স্যারের কবরের কথা চিন্তা করে সরকারের উচিত সড়কটি দ্রুত সংস্কার করা।’সড়কটি দ্রুত নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগে অর্থাভাবে সড়কটি ভালোভাবে সংস্কার করা হয়নি। রাস্তাটি দেখতে ওই এলাকায় গিয়েছিলাম। রাস্তাটি এতই খারাপ হয়েছে যে গাড়ি নিয়ে যাওয়াটাও কষ্ট। তাই যত দ্রুত সম্ভব রাস্তাটির নির্মাণকাজ শুরু করা হবে।’