সড়ক-মহাসড়কে অবৈধ স্থাপনা বগুড়ায় যানজট-দুর্ঘটনা বাড়ছে
বগুড়ায় সড়ক-মহাসড়কের দুই পাশের সরকারি জায়গা অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সড়কের পাশে বহু স্থাপনা নির্মাণ করা হয়েছে। মহাসড়কের পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়ক ও সড়কে চলাচলকারী যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদে জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানানো হয়েছে। বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বগুড়া সওজ বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়া-ঢাকা মহাসড়কের চান্দাইকোনা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের ফাঁসিতলার আগে পর্যন্ত, বগুড়া-নাটোর সড়ক, বগুড়া-সান্তাহার সড়ক এবং বগুড়া-জয়পুরহাট সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। মহাসড়কের পাশে এসব স্থাপনা নির্মাণ করে ব্যবসা করার কারণে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি সড়ক-মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।চারমাথার অবৈধ দখলদার মোসলেম উদ্দিন বলেন, সবাই দখল করে ব্যবসা করছে। তাই তিনি করেছেন। সরকার যদি এসব জায়গা অস্থায়ীভাবে ইজারা দেয়, তাহলে সরকারের আয় হবে।বগুড়া-সান্তাহার সড়কে গিয়ে দেখা গেছে, দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড ও সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে দখল স্থাপনা নির্মাণ করা হয়েছে। আদমদীঘি উপজেলা সদরে রাস্তার দুই পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ স্থাপনা। এ ছাড়া সান্তাহার পৌর এলাকা, নশরৎপুর ও মুরুইল বাজারে রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠেছে দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেসব স্থাপনা নতুনভাবে আরও মজবুত করে গড়ে তোলা হয়েছে। সান্তাহার শহরের পোঁওতা এলাকার রেজাউল ইসলাম বলেন, মানুষ একটু সুযোগ পেলে কোনো নিয়ম-কানুন মানতে চায় না। রাস্তার পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা একের পর এক দখল হয়ে যাচ্ছে। অথচ কেউ মানতে চাইছে না, এ জায়গা তাদের নয়। বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, সড়ক বিভাগ উচ্ছেদের জন্য যে আবেদন করেছিল, তা আইনগতভাবে ঠিক ছিল না। একটি অসম্পূর্ণ আবেদন থাকায় তাদের মানচিত্র করে নাম, ঠিকানাসহ তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে। তা না হলে এসব অবৈধ দখলদার উচ্ছেদ করা সমস্যা হতে পারে।