সড়ক-মহাসড়কে হাটবাজার বাড়ছে দুর্ঘটনা, যানজট
শরীয়তপুর জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের ওপর অন্তত ২১টি হাটবাজার বসছে। এসব এলাকা দিয়ে যানবাহন অতিক্রম করার সময় যানজট তৈরি হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের সঙ্গে উপজেলা সদরে যাতায়াতের ছয়টি সড়ক রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও খুলনার সঙ্গে আঞ্চলিক মহাসড়ক এবং ঢাকার সঙ্গে মহাসড়ক রয়েছে। এ সব সড়ক ও মহাসড়কের ওপর প্রতিনিয়ত হাটবাজার বসছে। এগুলো হলো: সদর উপজেলার আংগারিয়া, মনোহর বাজার ও বুড়িরহাট; নড়িয়ার ডগ্রী বাজার, মূলফতগঞ্জ বাজার, চাকধ বাজার, পণ্ডিতসার ও ঘড়িসার, ভেদরগঞ্জের সাজনপুর, মোল্লারহাট, বালারহাট ও সখিপুর; জাজিরার কাজীরহাট, আনন্দ বাজার, সাহেব বাজার ও দৈনিক বাজার: ডামুড্যার কাইলারা বাজার, শিধুল কুড়া ও দারুল আমান এবং গোসাইরহাট উপজেলার কালীখোলা। এসব হাটবাজারের ওপর দিয়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচলের কারণে দীর্ঘ সময় যানজট লেগে থাকে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।বুড়িরহাট বাজারের ব্যবসায়ী আরিফুল হক বলেন, সপ্তাহে এখানে দুই দিন হাট বসে। হাটের জায়গা কম থাকায় সড়কের ওপর বসে পণ্যসামগ্রী বিক্রি করতে হয়। হাট চলাকালে কিছুটা যানজট সৃষ্টি হয়।কাজীরহাটের ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, এই হাট জেলার সবচেয়ে বড় হাট। সপ্তাহে দুই দিন এখানে সকাল থেকে রাত পর্যন্ত হাট বসে। এই হাটের ওপর দিয়ে জেলার সব যানবাহন ঢাকায় যাতায়াত করে। ব্যবসায়ী কালাম হাওলাদার বলেন, গত জানুয়ারি মাসে বাজারের সময় এখানে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হন।ঢাকা-শরীয়তপুর সড়কের বাসচালক আবদুল গনি মিয়া বলেন, এ সড়কে ঢাকায় যেতে পাঁচটি হাট অতিক্রম করতে হয়। প্রতিদিনই কোনো না কোনো হাট থাকে। এ কারণে দীর্ঘ সময় যানজটে পড়তে হয় ট্রাকচালক হাকিম আলী বলেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে শরীয়তপুর হয়ে খুলনা যাতায়াত করি। চাঁদপুর ফেরিঘাট থেকে শরীয়তপুর হয়ে মাদারীপুর পর্যন্ত পৌঁছাতে আটটি হাটবাজার অতিক্রম করতে হয়। যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিতাই চন্দ্র সেন বলেন, ‘প্রতিষ্ঠিত হাটবাজার অন্যত্র সরিয়ে নেওয়া দুরূহ কাজ। আমরা জনগণের দুর্ভোগ কমাতে বিকল্প সড়ক নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) অনুরোধ করব।’শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা বলেন, ‘এই মুহূর্তে হাটবাজারের পাশ দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা আমাদের নেই।’