স্বাধীনতার ৪০ বছর সামনে রেখে বরিশাল সিটি করপোরেশন নগরের বিভিন্ন সড়কের নাম মুক্তিযোদ্ধাদের নামে করার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার সিটি করপোরেশনের সপ্তম সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।প্রাথমিক পর্যায়ে নগরের ধান গবেষণা সড়কের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের আকন সড়ক করা হবে। মল্লিকা কিন্ডারগার্টেন থেকে ব্রজমোহন বিদ্যালয় পর্যন্ত সড়কের নাম হবে শহীদ আবদুল নঈম খান রিন্টু সড়ক। সদর রোড থেকে বগুড়া বাইপাস সড়কের নাম হবে সংগীতশিল্পী বশিরুল হক বাদলের নামে এবং সি অ্যান্ড বি মুখ থেকে কালু শাহ সড়কে সড়ক পর্যন্ত বরিশালে আধুনিক নাটকের পথিকৃৎ মরহুম আকবর হোসেনের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নগর ভবনের সম্মেলনকক্ষে সিটি মেয়র শওকত হোসেন হিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, সচিব মাহমুদুর রহমান, প্যানেল মেয়রসহ সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা।মেয়র বলেন, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশের নাগরিক, তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক করার পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি যাঁরা শিল্প-সাহিত্যে অবদান রেখে গেছেন, তাঁদের নামে সড়কের নামকরণ করা হবে।