সড়ক মেরামত করতে গিয়ে বৃক্ষনিধন
সড়ক উন্নয়নের নামে উত্তরার বিভিন্ন সেক্টরে তিন শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। রাতের অন্ধকারে এমন কিছু গাছ কাটা হয়েছে, যেগুলো দেশীয় ও পরিবেশবান্ধব।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে অবশ্য বলা হয়েছে, সড়ক-ফুটপাত-নর্দমা উন্নয়নের কাজ করতে গিয়ে উপায় না পেয়ে সামান্যসংখ্যক গাছ কাটা পড়েছে। এর বাইরে দুর্বল কিছু গাছ, যেগুলো ঝড়ে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারত, সেগুলো কাটতে হয়েছে। নতুন অনেক গাছ লাগানোও হয়েছে।
উত্তরা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে উত্তরার ২, ৩, ৪ নম্বরসহ বিভিন্ন সেক্টরে ৬০ কোটি টাকার সড়ক সংস্কারকাজ হচ্ছে। ভাঙাচোরা সড়ক ছাড়াও ফুটপাত, নর্দমা নির্মাণ ও মেরামতে এই টাকা খরচ করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে গত বছরও ৬০ কোটি টাকা খরচের হিসাব দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা যায়, ৪ নম্বর সেক্টরে শায়েস্তা খান অ্যাভিনিউর প্রান্তসীমায় একটি বড় বটগাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। বিষয় ছিল গাছ। তাঁরা বলছিলেন, অনেক দিনের চাওয়ার বিপরীতে এলাকার ভাঙাচোরা রাস্তা মেরামত হচ্ছে। চলতে গিয়ে এখন আর অল্পতেই হোঁচট খেতে হবে না। বয়োজ্যেষ্ঠ একজন বাসিন্দা এই প্রতিবেদককে বলেন, এলাকার অনেক রাস্তাই খারাপ হয়েছিল। গত বছরই মেরামত করার কথা শুনেছিলাম। অবশেষে এবার কাজ শুরুর কয়েক দিনের মধ্যেই কিন্তু উন্নয়নের নামে গাছ কেটে ফেলা হচ্ছে, যে কারণে কষ্ট হচ্ছে।
এখানে বেশ কিছু গাছ এখনো অক্ষত আছে। উপস্থিত লোকদের কাছ থেকে জানা যায়, বটগাছটিসহ ৩৫-৪০ বছর আগের কিছু গাছ কাটারও চেষ্টা হয়েছিল। সিটি করপোরেশনের লোকদের বোঝানোর চেষ্টার পর তাঁরা বিষয়টা দেখবেন বলেছেন। পরে স্থানীয় অতি উৎসাহী কিছু লোক, যাঁরা নিজেদের ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কর্মী বলে দাবি করেন, তাঁরা এসব গাছ কাটার চেষ্টা করেন। এলাকাবাসী এক হয়ে বাধা দেন। পরে বন বিভাগের কাছে লিখিত অভিযোগও জানানো হয়।
শায়েস্তা খান অ্যাভিনিউতে এলাকাবাসীর বাধায় গাছ কাটা না হলেও ২, ৩ ও ৪ নম্বর রোডে ফুটপাত ও নর্দমা নির্মাণ করতে গিয়ে পার্শ্ববর্তী জায়গার অনেক গাছ কেটে ফেলা হয়েছে। কাটা পড়েছে শাহজালাল অ্যাভিনিউসহ আশপাশের এলাকার অনেক গাছও। সড়ক মেরামত, ফুটপাত ও নর্দমা নির্মাণের কাজ চলছে উত্তরা ১ এবং ৪ নম্বর সেক্টরেও। সেখানেও কাটা হয়েছে প্রচুর গাছ।
শায়েস্তা খান অ্যাভিনিউর ব্যবসায়ী খোরশেদ আলমসহ কয়েকজন বাসিন্দা বলেন, মেহগনি, কড়ই, কৃষ্ণচূড়াসহ অনেক দেশীয় ও পরিবেশবান্ধব পুরোনো গাছ কাটা হয়েছে। অনেক সময় সিটি করপোরেশনের লোকজন জানতেও পারেননি কারা গাছ কেটেছে। রাতের অন্ধকারে এসব গাছ কাটা হয়েছে। যাঁরা কেটেছেন, তাঁরা নিজেদের ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কর্মী বলে দাবি করেছেন। এলাকার আরও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বড় বড় গাছ কাটার পর সেগুলো সাধারণত দরপত্রের মাধ্যমে বিক্রি করতে হয়। কিন্তু কেটে ফেলা গাছ যেভাবে খুশি নিয়ে যাওয়া হয়েছে। নিলাম বা দরপত্র হয়নি। তাঁরা এমনও কথা শুনেছেন, একেকটি গাছ ৪০-৫০ হাজার টাকায়ও বিক্রি হয়েছে।
উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কেটে ফেলা গাছের সংখ্যা তিন শতাধিক। তবে অনেক অপেক্ষার পর সড়কের উন্নয়ন হচ্ছে বলে জোর গলায় অনেক সময় কিছু বলাও যায় না। তারপরও অপ্রয়োজনে ও ঢালাওভাবে গাছ কাটা হলে তাঁরা প্রতিবাদ করবেন।
যোগাযোগ করা হলে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ প্রথম আলোকে বলেন, উত্তরায় গত বছরের ধারাবাহিকতায় সড়ক উন্নয়নের কাজ চলছে। যেখানেই ভাঙাচোরা সড়ক, সেখানেই কাজ করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে একটি গাছও কাটা হচ্ছে না। অনেক গাছ দুর্বল হয়ে গেছে, নুয়ে পড়েছে, দমকা হাওয়া বা ঝড়ে পথচারীর গায়ে পড়বে, সেগুলো কাটা হয়েছে। তাঁদের অজান্তে স্থানীয়ভাবে গাছ কাটা বা বিক্রি হতে পারে।