চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও ফকিরাখিল সড়ক মেরামতের কাজ করা যাচ্ছে না। চাঁদা না পেয়ে যুবলীগের কর্মী মো. আলম সড়ক মেরামতের কাজে বাধা ও ঠিকাদারের প্রতিনিধিদের মারধর করেন। এমনকি মোটরসাইকেলও ভাঙচুর করেন।এলাকাবাসী জানান, ওসমান, হান্নান ও আজাদ নামের ঠিকাদারের প্রতিনিধিরা গত জানুয়ারি মাসে ফকিরাখিল সড়কটির মেরামতের কাজ শুরু করেন। কিন্তু নোয়াগাঁও এলাকার যুবলীগের কর্মী মো. আলম এ সময় চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না দেওয়ায় সড়ক মেরামতের কাজে বাধা দেন। বাধা উপেক্ষা করে কাজ শুরু করায় ২১ মার্চ সন্ধ্যায় ৪০-৪৫ জন সহযোগী নিয়ে হান্নানকে মারধর করেন। তাঁর মোটরসাইকেলটি ভেঙে চুরমার করেন। খবর পেয়ে ওসমান ও আজাদ সহযোগী নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে যুবলীগের কর্মী আলমের সহযোগীরা তাঁদেরও মারধর করেন। তাঁদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আহত তিনজনের মধ্যে হান্নানের অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমান জানান, চলতি মাসে সড়কটির মেরামতের কাজ শেষ করার কথা। জানুয়ারি মাসে কাজ শুরু করা হলেও যুবলীগের কর্মী আলমের বাধার কারণে এখনো অর্ধেক কাজও শেষ করা সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ফকিরাখিল সড়কটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়। আঁখি এন্টারপ্রাইজ সড়কটির মেরামতের কাজ পায়। ঠিকাদার মো. আজম বলেন, ওসমান, হান্নান ও আজাদকে সড়কটির মেরামত কাজের দায়িত্ব দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় যুবলীগের কর্মী আলম কাজে বাধা দেন। মারধরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। মো. আলম জানান, চাঁদা নয়, সড়ক মেরামতের কাজে অনিয়ম করায় বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করায় মারধরের ঘটনা ঘটে।