সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন
সড়ক মেরামত, বিদ্যুৎ ও পানির সংকটের সমাধান, হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত, সরাসরি আন্তনগর ট্রেন চালুসহ সাত দফা দাবিতে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি।
চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলের সামনে সকাল ১০টার দিকে এ মানববন্ধন শুরু হয়। প্রায় এক ঘণ্টার ওই মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মদ, সদস্যসচিব মনিরুজ্জামান, সদস্য রফিক হাসান, রফিকুল ইসলাম, তৌহিদুর রহমান, কামাল উদ্দীন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জের নাগরিকেরা নানা সমস্যায় জর্জরিত। পৌর এলাকা এবং এর বাইরের এলাকায় বসবাসকারীরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা। আন্তনগর ট্রেন চালুর কথা থাকলেও এখনো তা চালু হয়নি। এ ছাড়া শহরে ছিনতাই ও মাদকের বিস্তার ঘটেছে। এসব বন্ধে পুলিশ যথার্থ ভূমিকা রাখছে না। অবিলম্বে এসব দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।