সড়ক যখন জীবনের পথে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। চেহারা বেদনাক্লিষ্ট। তবে চোখ দুটি এখনো উজ্জ্বল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক মো. আনিসুর রহমান। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।গত ২৫ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের চিউড়া গ্রামের বাড়িতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন আনিসুর রহমান। এ সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নিজেকে সামলে ব্যস্ত সড়ক থেকে শরীরটাকে পাশে সরানোর চেষ্টার সময় আরেকটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয় তাঁকে। শরীরের বিভিন্ন জায়গা ছিলে যাওয়ার পাশাপাশি তাঁর মূত্রথলি ছিন্নভিন্ন হয়ে যায়।দুর্ঘটনার পর আনিসুর রহমানকে প্রথমে নেওয়া হয় কুমিল্লা সরকারি হাসপাতালে। এক মাস চিকিৎসা শেষে তাঁকে স্থানান্তর করা হয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। গত জুন পর্যন্ত সেখানে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসকেরা জানান, তাঁর দ্রুত অস্ত্রোপচার করা দরকার।অকৃতদার এই শিক্ষক ১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে যোগ দিয়েছিলেন কিশোর গেরিলা হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও তিনি ছিলেন টোকিও রয়েল বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো। তিনি প্রথম (১৯৮২) জাতীয় প্রেস কমিশন রিপোর্ট (অপ্রকাশিত) প্রণয়ন, আশির দশকে সাড়া জাগানো মানবাধিকারবিষয়ক পোস্টার ‘আমাকে দেখতে দাও, আমাকে বলতে দাও’-এর প্রণেতা। জনগণতান্ত্রিক ভাবাদর্শের জন্য ১৯৮২ সালে আনিসুর রহমান রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হাতে অপহূত ও নিগৃহীত হন।ছাত্রপ্রিয় এই শিক্ষক আজ জীবনমৃত্যুর মোহনায়। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে চান স্বজনেরা। কিন্তু গত এক বছরে তাঁরা তাঁদের সামর্থ্যের পুরোটাই খরচ করেছেন পরিবারের মেধাবী এই মানুষটার জন্য। সারা জীবন নিজের মতো সক্রিয় থাকা এই শিক্ষক, এই গেরিলা যোদ্ধার জীবনকে এখনই থমকে যেতে দিতে কার মন চায়। তাই...মো. আনিসুর রহমান, সঞ্চয়ী হিসাব (এসবি) নম্বর ০৩১০০০৯৬২৩, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লি. বিজয়নগর শাখা, ঢাকা।