সড়ক যেখানে চাতাল!

রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন সড়কে ধান, খড় শুকানো ও মাড়াইয়ের কারণে চলাচলে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে এই মৌসুমে সড়কগুলো চাতাল হিসেবে ব্যবহার করছেন। এ কারণে এসব সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।
সরেজমিন উপজেলার তাহেরপুর-ভবানীগঞ্জ, সইপাড়া-ভবানীগঞ্জ, কেশরহাট-ভবানীগঞ্জ, মাথাভাঙা-হাটগাঙ্গোপাড়া, ভবানীগঞ্জ-আহসানগঞ্জসহ কমপক্ষে ১২টি সড়কে গিয়ে দেখা যায়, সড়কগুলোর বিভিন্ন স্থানে চলেছ ধান মাড়াই ও শুকানোর কাজ। নারী-পুরুষেরা এসব কাজে ব্যস্ত। তাঁরা খেত থেকে ধান কেটে নিয়ে এসে সড়কে ফেলছেন। সেখানেই যন্ত্র দিয়ে ধান মাড়াই করছেন অনেকে। খড়গুলোও সড়কে শুকানো হচ্ছে। অনেক স্থানে সড়কে ধান রেখে শুকাতে দেখা যায়।
সড়ক দখল করে ধান মাড়াই ও শুকানোর ফলে যানবাহন ছাড়াও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। সড়কগুলো সরু হয়ে পড়েছে। যেসব স্থানে সড়ককে এভাবে চাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সেসব স্থানে সড়কের সামান্য পরিমাণ জায়গা ফাঁকা থাকায় সেদিক দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। এতে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে বলে ভুক্তভোগীরা জানান।
শিবজাইটের ভ্যানচালক আজিজুর রহমান, মোহনগঞ্জের সেলিম হোসেন, বারইপাড়ার মোস্তফা বলেন, সড়কে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ চলায় তাঁদের চলাচলে সমস্যা হচ্ছে। গোলাম মোস্তফা ও গাজি হোসেন নামের দুজন বাসচালক জানান, তাঁদের প্রতিদিনই এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক চাতাল হিসেবে ব্যবহার করায় তাঁদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় লাগছে।
গোবিন্দপাড়ার ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকার ও যোগীপাড়ার ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, এই মৌসুমে লোকজন না বুঝে সড়কেই ধানের কাজ করছেন। তাঁরা লোকজনকে এতে প্রতিনিয়ত বারণ করছেন বলে জানান।
উপজেলার কর্ণিপাড়া গ্রামের জেকের আলী, বাগমারা গ্রামের রহিমা বেগম, বসন্তপুর গ্রামের মরিয়ম বিবি, আফসার আলী, দেউলা গ্রামের বারেক আলী সড়কে ধান মাড়াই ও শুকানোর কথা স্বীকার করে বলেন, তাঁদের আলাদা কোনো জায়গা না থাকায় এ কাজের জন্য সড়ককেই বেছে নিয়েছেন। তাঁরা বলেন, শুধু তাঁরা নন, তাঁদের মতো অনেকেই এই কাজ করছেন। তবে চলাচলে সমস্যা হলেও তা সাময়িক বলে মন্তব্য করেন তাঁরা।
বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, অনেক স্থানে সড়কের ওপরই ধান মাড়াই, ধান ও খড় শুকানোর কারণে সড়কেরও ক্ষতি হচ্ছে। সড়কে ধান মাড়াই ও শুকানোর কাজ করা ঠিক নয়। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, তাঁরা গ্রামপুলিশদের মাধ্যমে লোকজনকে সচেতন করার উদ্যোগ নেবেন বলে জানান।