সড়ক যেন ধান ও খড়ের চাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর সড়কের ১৫ কিলোমিটার রাস্তা কৃষকেরা ধান মাড়াই ও খড় শুকানোর চাতাল হিসেবে ব্যবহার করছেন। এ কারণে যেকোনো সময় সড়কটিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, দলদলিয়া ডাঙ্গাপাড়া, মহেষপুর, তেঁতুলিয়া, চিলাপাড়া, ভাগলপুর, ভালকা জয়পুর, মহিষবাতান, রসুলপুরসহ প্রায় ১০ গ্রামের কৃষকেরা তাঁদের জমির ধান ও ভুট্টা গ্রামের পার্শ্ববর্তী ওই সড়কের ওপর মাড়াই করছেন। ফুলবাড়ী থেকে মধ্যপাড়া পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার সড়কজুড়ে এ অবস্থা বিরাজ করছে।সরেজমিনে গত শুক্রবার দুপুরে দেখা যায়, পুরো সড়কটি কৃষকদের দখলে। দেখে মনে হবে সড়ক নয় যেন চাতাল। দল বেঁধে কৃষকেরা সড়কের ওপর যন্ত্র দিয়ে ধান মাড়াই করছেন, অনেকে সড়কজুড়ে ধান ও খড় বিছিয়ে রেখেছেন। আবার অনেকে ধান কেটে এনে সড়কের ধারে স্তূপ করে রাখছেন। এর মধ্যেই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জিয়ার মোড় নামক স্থানে তেঁতুলিয়া গ্রামের কৃষক নূরুল ইসলাম সড়কের ওপর ধান স্তূপ করে রাখছিলেন। তিনি বলেন, আগের মতো বাড়ির সামনে মানুষজন আর ফাঁকা জায়গা ফেলে রাখে না, ঘরবাড়ি করে ফেলেছে। ধান মাড়াইয়ের জায়গার অভাব। তাই মানুষ নিরুপায় হয়ে সড়কে বেছে নিয়েছে। তিনি একাই নন, তাঁর মতো এলাকার সব কৃষক এখন সড়কের ওপর ধান মাড়াই করেন।দলদলিয়া গ্রামের কৃষক আহাদ মণ্ডল, বাহার উদ্দিন ও ফয়সাল হোসেন জানান, মানুষের উপকারের জন্য সরকার সড়ক তৈরি করে দিয়েছে। সারা বছর সড়ক দিয়ে গাড়িঘোড়া চলে, আর কৃষকেরা মাস খানেক ধান মাড়াই করেন। এটাই দোষের?মধ্যপাড়া কঠিন শিলাখনির ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (হিসাব) মাহাবুব আলম বলেন, ‘বর্তমানে ফুলবাড়ী থেকে মধ্যপাড়া প্রায় ১৫ কিলোমিটার পথে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ। পথচারী ও যানবাহনের চালকেরা একটু অসতর্ক হলেই নিশ্চিত দুর্ঘটনা ঘটবে।বাস ও মাইক্রোবাসচালক সঞ্জিত, মাহাবুব আলম ও জাকির হোসেন বলেন, এই অঞ্চলের সবচেয়ে সুন্দর ও প্রশস্ত সড়ক এটি, কিন্তু ধানকাটা মৌসুমে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। কৃষকেরা সড়কজুড়ে ধান ও খড় বিছিয়ে রাখেন। নিষেধ করলে উল্টো তাঁরাই মেজাজ দেখান।সড়ক ও জনপথ অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে এটি এখন বড় ধরনের সমস্যা। শুধু ওই সড়কে নয়, জেলার প্রধান সড়কগুলোর একই অবস্থা। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।