রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট স্থায়ীভাবে দূর করতে সড়ক যোগাযোগ ও হাট স্থাপন করার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাজেকের খাদ্যসংকট মোকাবিলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা চিংকিউ রোয়াজা। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর ও দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার উপস্থিত ছিলেন।
সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারিভাবে দুর্গত এলাকায় পর্যাপ্ত খাদ্য সরবরাহ করলেও কিছু মহল খাদ্যসংকট নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুর্গম সাজেকে খাদ্যসংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আড়াই হাজার পরিবারকে ৪০ মেট্রিক টন চাল ও নগদ ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। দুর্গত এলাকার জন্য ত্রাণ মন্ত্রণালয় আরও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে।
এদিকে সাজেক ইউনিয়নে খাদ্যসংকটে পড়া ১২টি গ্রামে ঢাকার বিভিন্ন বৌদ্ধবিহারের বসবাসরত ভিক্ষুদের উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সাজেক ইউনিয়নে দাঁড়িপাড়া গ্রামে ৯০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রত্যক পরিবারকে ১০ কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবণ, আধা কেজি ডাল দেওয়া হয়েছে। এ সময় সাজেক ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দেব জ্যোতি চাকমা, ঢাকার কমলাপুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ কল্যাণ জ্যোতি ভিক্ষু ও খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বানছড়া সিদ্ধানন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ চন্দ্র কীর্তি ভিক্ষু উপস্থিত ছিলেন।