সড়ক যোগাযোগ বন্ধ, পচছে মৌসুমি ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে স্তূপ করে রাখা মৌসুমি ফল কাঁঠাল, আম ও আনারস। মঙ্গলবার থেকে সড়ক যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় রাঙামাটি থেকে দেশের কোথাও ফল পাঠানো যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগানি ও ব্যবসায়ীরা।

গত শুক্রবার বিকেলে বনরূপা বাজারে কথা হয় খামারি মঙ্গল চাকমার সঙ্গে। তিনি বলেন, খেত থেকে নৌকায় ভরে কাঁঠাল ও আনারস নিয়ে এসেছেন শহরে। কিন্তু ক্রেতা না থাকায় ফল বিক্রি করতে পারছেন না। যে কাঁঠাল ৬০ টাকায় বিক্রি হতো এখন তা ২০ টাকা দরেও বিক্রি করতে পারছেন না।

এই মৌসুমে রাঙামাটি থেকে প্রচুর কাঁঠাল, আনারস চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। মৌসুম শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আম, কাঁঠাল ও আনারসবাগান কিনে রাখেন। কিন্তু পাহাড়ধসের কারণে যোগাযোগব্যবস্থা বন্ধ হওয়ার পর থেকে কাঁঠাল ও আনারস ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

বনরূপা এলাকায় ফেরি করে কাঁঠাল বিক্রি করছিলেন লিয়াকত নামের এক ব্যক্তি। তিনি বলেন, একেবারে পানির দরে আনারস। কিন্তু ক্রেতা নেই। প্রতি জোড়া আনারস ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্রাক টার্মিনাল এলাকায় তিন দিন আগে মো. শামীম হোসেনসহ তিন ব্যবসায়ী প্রায় দুই ট্রাক কাঁঠাল জড়ো করেন। কিন্তু যোগাযোগব্যবস্থা চালু না হওয়ায় পচে যাচ্ছে এসব ফল। শামীম হোসেন বলেন, ‘আমরা আগে থেকে বাগান কিনে ফেলেছি। টাকাও দিয়ে দিয়েছি। কিন্তু এখন কোনো গাড়ি পাঠাতে পারছি না। বাগানের কাঁঠাল পচছে। বেশি যেগুলো পেকে গেছে, তা ছিঁড়ে এনে এখানে জড়ো করে রেখেছি।

কাঁঠালবাগানের মালিক সদর ইউনিয়নের হারিক্কং এলাকার অমলেন্দু চাকমা বলেন, দুই একর বাগানের অর্ধেক কাঁঠাল বিক্রি করা যায়নি। এখন সব কাঁঠাল গাছেই পাকছে। কেনার লোক নেই।

একই এলাকার নীতিময় চাকমা কাঁঠালবাগান এবার বিক্রি করতে পারেননি। বিক্রির কথাবার্তা চলছিল এমন সময় এই প্রাকৃতিক দুর্যোগে সবকিছু এলোমেলো করে দিয়েছে।