সড়ক রক্ষণাবেক্ষণে তহবিল গঠনে বিল
সড়ক রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত অর্থ জোগানে তহবিল গঠনের প্রস্তাব করে ‘সড়ক রক্ষাবেক্ষণ তহবিল বোর্ড বিল-২০১৩’ সংসদে উত্থাপন করা হয়েছে। সরকারের অনুদান, আদায় করা কর, লেভি, ফি, চার্জ এবং বিদেশী অনুদান থেকে এ তহবিল গঠন করা হবে।গতকাল মঙ্গলবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি সংসদে উত্থাপন করেন। মঙ্গলবার জাতীয় সংসদে ‘সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিল-২০১৩’ উত্থাপন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে সড়ক বিভাগের সচিবকে চেয়ারম্যান ও সরকার কর্তৃক নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্যসচিব করে বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সড়ক রক্ষণাবেক্ষণ খাতে চাহিদার ১৩ শতাংশের বেশি অর্থের জোগান দেওয়া সম্ভব হয়নি বিধায় সড়ক রক্ষণাবেক্ষণ খাতে দায় ক্রমাগত বেড়ে চলছে। সড়ক রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ জোগান ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ তহবিল গঠন এখন সময়ের দাবি। সব শেষে সংসদের অধিবেশন আজ বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।