সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ না করায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-কালীগঞ্জ ও সাতক্ষীরা-খুলনা সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও তিনটি কালভার্ট নির্মাণ না করায় সাতক্ষীরা শহরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল সেতু থেকে চেকপোস্ট পর্যন্ত দুই কিলোমিটার সড়কের সংস্কার বন্ধ রয়েছে। একইভাবে সাতক্ষীরা-খুলনা সড়কের গোপীনাথপুর থেকে বিনেরপোতা পর্যন্ত দুই কিলোমিটার সড়কের অবস্থা নাজুক। এই এলাকায় তিনটি কালভার্টের কাজও বন্ধ রয়েছে।কালীগঞ্জ বাজার গ্রামের মোকছেদ আলী ও দেবহাটা নওয়াপাড়া গ্রামের আবদুল মুহিত জানান, বাঁকাল সেতু থেকে চেকপোস্ট পর্যন্ত, এ দুই কিলোমিটার সড়ক পার হতে গিয়ে কষ্টের সীমা থাকে না। ধুলাবালিতে জামা-কাপড় নষ্টের পাশাপাশি কয়েক দিন এ সড়কে চললে অসুস্থ হয়ে পড়তে হয়।সড়ক ও জনপথ (সওজ) সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-ভোমরা বন্দর সড়কের বাঁকাল সেতু থেকে গাংনিয়া পর্যন্ত সাত কিলোমিটার সংস্কারকাজের জন্য ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ১৩ লাখ টাকা। কাজটি করছে মেসার্স তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১১ সালের জুন মাসে শুরু হওয়া এ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১২ সালের জুন মাসে। কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি।মেসার্স তাহের ব্রাদার্সে কর্মরত প্রকৌশলী আলমগীর হোসেন জানান, যে কাজ করা হয়েছে তার বিল এখনো পাননি। বর্তমানে বরাদ্দ নেই। সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকার তিনটি কালভার্ট নির্মাণের কাজ পায় বসু ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এক কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকার এ কাজ শুরু হয় ২০১২ সালের ৭ মে। শেষ হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বরে। কিন্তু ২০১২ সালের সেপ্টেম্বর থেকে কাজ বন্ধ রয়েছে। বসু ট্রেডার্সের মালিক কল্যাণ বসু জানান, জলাবদ্ধতার কারণে ও বরাদ্দ না থাকায় ৫০ শতাংশ কাজ করার পর কাজ বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষের অনুরোধে বরাদ্দ না পাওয়ার পরও কয়েক দিন আগে আবার কাজ শুরু করা হয়েছে। এক মাসের মধ্যে কাজ শেষ হবে।সওজ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, কালভার্টের বাকি কাজ ৩০ মার্চ থেকে শুরু করা হয়েছে। ইতিমধ্যে বিনেরপোতার নির্মিত কালভার্ট এলাকার দুই কিলোমিটার সড়কের সংস্কারকাজও শুরু করা হয়েছে। চার কোটি ৬৯ লাখ টাকার সংস্কারকাজ করছে খুলনার দি আজাদ ইঞ্জিনিয়ার্স ও যশোরের চিত্র এক্সপোর্ট। এ ছাড়া তাহের ব্রাদার্সকে তাদের সাত কিলোমিটারের মধ্যে বাঁকাল সেতু থেকে চেকপোস্ট পর্যন্ত দুই কিলোমিটার সড়ক দ্রুত সংস্কার করার জন্য অনুরোধ করা হয়েছে।