সড়ক সংস্কার করতে গিয়ে অন্য দুটি রাস্তা ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের সখীপুর-ঢাকা সড়ক সংস্কার করতে গিয়ে সখীপুর পৌরসভা এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) দুটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই মাস ধরে সখীপুরের তালতলা চত্বর থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত অংশে সংস্কারকাজ চলে। এ সময় বাস, ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন চলাচল করায় ওই দুটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়।খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার মেসার্স এসএস ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সখীপুর-ঢাকা সড়কের ওই দুই কিলোমিটারে সাড়ে পাঁচ কোটি টাকার সংস্কারকাজ শুরু করে। বৃষ্টিতে সড়কটি পানি-কাদা জমে চলার অযোগ্য হয়ে পড়ে। এ অবস্থায় বিকল্প হিসেবে পৌরসভা ও এলজিইডির দুটি ছোট রাস্তা ব্যবহার করে ভারী যানবাহনগুলো। কিন্তু ওই ছোট রাস্তাগুলোও ভারী যানবাহনের চাপ সইতে না পেরে চলার অযোগ্য হয়ে পড়ে। এরপর বাধ্য হয়ে নির্মাণাধীন দুই কিলোমিটার রাস্তাই আবার খুলে দেওয়া হয়।এলাকাবাসী জানায়, খুলে দেওয়া হলেও সখীপুর-ঢাকা সড়কের ওই অংশ দিয়ে বাধ্য হয়ে চলাচলকারী বাস ও ট্রাকগুলোর মধ্যে প্রতিদিনই ৮-১০টি নষ্ট হয়ে রাস্তায় আটকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে।সখীপুরের ব্যবসায়ী এম এ মামুন বলেন, ‘ঢাকা থেকে কোনো মালামাল আনলে আমাকে ব্যবসাস্থল থেকে দুই কিলোমিটার দূরে গ্রামীণ ব্যাংকের পাশে রাখতে হয়। সেখান থেকে বিকল্প পথে পাঁচ-ছয় কিলোমিটার ঘুরে তিন গুণ বেশি খরচ করে আনতে হয়।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘বাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পার হতে আমাকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। রোগীরাও হাসপাতালে আসতে পারছে না।’উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার অভিযোগ করেন, স্থানীয় সাংসদ এই রাস্তার জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু ঠিকাদার নিচুমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটার এ দশা হয়েছে।পৌর মেয়র আবু হানিফ আজাদ অভিযোগ করে বলেন, ‘সওজের কাজের জন্য আমার পাঁচ কোটি টাকার রাস্তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর ক্ষতিপূরণ কে দেবে?’ সখীপুর এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুল গফুর মিয়া বলেন, ‘আমাদের এক কোটি টাকা মূল্যমানের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি।’টাঙ্গাইল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী বলেন, বৃষ্টির কারণে রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না। তবে যান চলাচলের জন্য সাময়িকভাবে রাস্তার এক পাশ উঁচু করে দেওয়া হবে। আর পৌরসভা ও এলজিইডির রাস্তার ক্ষতি সম্পর্কে তিনি বলেন, প্রয়োজনের সময় ব্যবহারের জন্যই তো বিকল্প রাস্তাগুলো থাকে।