সড়ক সংস্কার না করায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের একটি সড়কের বেশির ভাগ জায়গার কার্পেটিং উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়। ফলে প্রায়সই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচল করতে গিয়ে স্থানীয় লক্ষাধিক মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরের আবদুল হেকিম চৌধুরী চত্বরের সামনের সড়ক থেকে হলিদাকান্দা গ্রামের সামনের মোড় পর্যন্ত সড়কটির দূরত্ব এক কিলোমিটার। এটি এত দিন সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে ছিল। কিন্তু ২০১৫ সালের ১১ আগস্ট ধরমপাশা উপজেলা সওজের যাবতীয় কার্যক্রম নেত্রকোনা সওজ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এই সড়ক দিয়ে উপজেলার চার-পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করে।
সরেজমিনে গত সোমবার বেলা তিনটায় দেখা যায়, ওই সড়কের বেশির ভাগ জায়গার কার্পেটিং উঠে অসংখ্য ছোট-বড় গর্ত হয়েছে। এ ছাড়া শয়তানখালী খালের ওপর নির্মিত সেতুর পশ্চিম অংশের সংযোগ সড়কের এক পাশেও দুটি গর্ত তৈরি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যান চলাচল করছে।
মাইজবাড়ী গ্রামের ইজিবাইকচালক নূর হোসেন বলেন, ‘এই সড়কটার ওফরে দিয়া যাইতে গিয়া জানডা বাইর অইয়া যায়। হত্তিদিনই (প্রতিদিনই) অ্যাকসিডেন্ট অয়।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘সড়কটি দ্রুত সংস্কারের জন্য আমি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব শিগগিরই কথা বলব।’
নেত্রকোনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, এই সড়ক যদি সওজের অধীনে হয়ে থাকে, তাহলে খোঁজ নিয়ে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।