সড়ক সংস্কার না হওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জ সফরের মাত্র তিন দিন বাকি। অথচ ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সংস্কারকাজ শেষ হয়নি। বন্দর-মদনগঞ্জ সড়কের অবস্থাও খারাপ, যা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড তৈরির কাজও শেষ হয়নি।গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফের সদস্যরা এসব বিষয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের তাগিদ দেন।জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংসদ নাসিম ওসমান, গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক ও আবদুল্লাহ আল কায়সার; সাবেক সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল্লাহ নুরী, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মেজর তাইফুর, এসএসএফের মেজর মো. সাইফ, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক এনামুল কবির, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম বাদল প্রমুখ।সভায় এসএসএফের মেজর মো. সাইফ জানান, ২০ মার্চ প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জে আগমনের দুটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। একটি সড়কপথে, অপরটি হেলিকপ্টারে। মেজর সাইফ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সংস্কারকাজ এখনো শেষ হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অন্যদিকে বন্দর-মদনগঞ্জ সড়কটির সংস্কারকাজও শেষ হয়নি। সড়কের বিভিন্ন স্থানে রয়েছে বড় বড় গর্ত। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে সড়ক সংস্কার ও সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ করা প্রয়োজন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম বাদল বলেন, দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সভায় জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, দ্রুত সড়ক সংস্কারের কাজ শেষ করতে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।