সড়ক সংস্কার নিয়ে সাংসদ কায়সারের প্রতারণা!
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুল্লাহ আল কায়সার নিজের টাকায় ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোডের সংস্কারকাজ করার কথা ঘোষণা দিলেও আসলে তিনি তা করেননি। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বরাদ্দ দেওয়া অর্থে সড়কটির সংস্কারকাজ হয়েছে। এদিকে সংস্কারকাজের কথা বলে সাংসদ কায়সার সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে আওয়ামী লীগ-সমর্থক সাতটি ইউপি চেয়ারম্যানদের কাছে চার লাখ টাকা করে চেয়েছেন বলে অভিযোগ উঠেছে।সড়কটি সংস্কারের ব্যাপারে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘সাংসদ কায়সার ব্যক্তিগত অর্থ দিয়ে সড়ক সংস্কারের যে তথ্য সাংবাদিকদের জানিয়েছেন, তা ঠিক নয়। সংস্কারকাজের পুরো অর্থ সওজের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে।’শের শাহের আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাংক রোডের সোনারগাঁর মোগড়াপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়।এরই মধ্যে গত ৩০ মার্চ সোনারগাঁ পৌরসভার শহীদ মজনু পার্কে অনুষ্ঠান করে সাংসদ আবদুল্লাহ আল কায়সার ঘোষণা দেন, সরকারি অর্থ বরাদ্দ করাতে না পেরে তিনি নিজের ৩০ লাখ টাকা দিয়ে সংস্কারকাজ শুরু করলেন। অনুষ্ঠানের ব্যানারেও সাংসদের নিজের অর্থে সড়ক সংস্কারের কথা লেখা হয়।তখন স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে সাংসদ আরও বলেন, ‘সরকারি অর্থ ছাড়া এ দেশে প্রথম আমিই সড়ক সংস্কার করার উদ্যোগ নিয়েছি। আপনারা তদন্ত করে দেখুন, আমি কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা সরকারি অর্থ নিয়েছি কি না।’এ নিয়ে পরদিন ৩১ মার্চ ‘ব্যক্তিগত অর্থে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন সাংসদ’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।এরপর অনুসন্ধানে জানা যায়, সড়কটি সংস্কারের কথা বলে সাংসদ কায়সার সাতটি ইউপি চেয়ারম্যানদের চার লাখ টাকা করে ২৮ লাখ টাকা তাঁর কাছে দিতে চাপ দিচ্ছেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক চেয়ারম্যান জানান, সড়কটির দুরবস্থার কথা চিন্তা করে তাঁরা ভূমি উন্নয়ন করের ১ শতাংশ টাকা থেকে চার লাখ টাকা করে সাংসদকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।চেয়ারম্যানেরা অভিযোগ করেন, সাংসদ নিজের টাকায় সড়ক সংস্কারের কথা প্রচার করলেও তাঁদের কাছে টাকা চেয়েছেন। এখন শোনা যাচ্ছে, সড়কটি সংস্কার করেছে সওজ। এতে তাঁদের পুরো টাকাই সাংসদের পকেটে যাবে।কোনোমতে সংস্কার: নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, সরকারের ১৪ লাখ টাকা ব্যয়ে ৩০ মার্চ থেকে সোনারগাঁর ওই সড়ক সংস্কারকাজ শুরু করা হয়। এখানে সাংসদ ব্যক্তিগত কোনো অর্থ ব্যয় করেননি। সরেজমিনে দেখা গেছে, সওজের ঠিকাদার পাঁচ দিন পর্যন্ত কোনোমতে সড়কের কিছু স্থান সংস্কার করেই কাজ শেষ হওয়ার ঘোষণা দিয়ে চলে যান। এর কিছুদিন পর থেকে সড়কটির বিভিন্ন স্থানে ইট-সুরকি উঠে যাওয়া শুরু করে। বর্তমানে সেসব স্থানে পানি জমে আবারও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। প্রকৌশলী হাবিবুর বলেন, ‘আমাদের যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, তা দিয়ে পুরো সড়ক সংস্কার করা সম্ভব নয়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে সড়কটি আবার সংস্কার করা হবে।’সাংসদের বক্তব্য: সাংসদ নিজের পকেটের টাকা দিয়ে রাস্তা করার বক্তব্য থেকে সরে এসেছেন। সরকারি অর্থে সড়ক মেরামত ও যোগাযোগমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংসদ বলেন, ‘এখন পর্যন্ত কোনো চেয়ারম্যানের কাছ থেকে কোনো অর্থ নিইনি। সড়কটি আবারও সংস্কার করার ইচ্ছা আমার রয়েছে।’