সড়ক সংস্কার হয় না ভোগান্তিও কমে না
দীর্ঘদিন ধরে মেরামত না করায় রংপুরের পীরগাছার চৌধুরাণী বাজার-মীরগঞ্জ বাজার সড়কের পাঁচ কিলোমিটার অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ অংশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলার চার লক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগাছা কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এটি পীরগাছার চৌধুরাণী বাজার থেকে শুরু হয়ে গাইবান্ধার মীরগঞ্জ বাজার পর্যন্ত বিস্তৃত। এটি চৌধুরাণী বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের সঙ্গে মিশেছে। সড়কটির চৌধুরাণী বাজার থেকে মাঝিপাড়া পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার অংশ ২০০৫ সালে পর্যায়ক্রমে পাকা করা হয়। মাঝিপাড়া থেকে মীরগঞ্জ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার এখনো কাঁচা রয়েছে। এ সড়ক দিয়ে পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার চার লক্ষাধিক মানুষ চলাচল করে। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।কান্দিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম মিজানুর রহমান বলেন, গ্রীষ্ম-বর্ষা সব সময়ই এ সড়ক দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয়। কান্দি বাজারের ব্যবসায়ী আ. কাদের, শাহ আলম, ইকবাল খানসহ অনেকে বলেন, এ সড়কে ভ্যান ও ট্রাকে মালামাল পরিবহনে নানা সমস্যায় পড়তে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে মালবাহী ট্রাক উল্টে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে।সুন্দরগঞ্জ কারিগরি কলেজের প্রভাষক মুকুল মিয়া বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারসহ বাকি সাড়ে ছয় কিলোমিটার অংশ পাকা না হওয়ায় এখন এটা আমাদের কাছে মহাদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’কান্দি ইউপি চেয়ারম্যান আ. কাদের মণ্ডল বলেন, ‘সড়কটি সংস্কারসহ বাকি ছয় কিলোমিটার পাকা করার জন্য উপজেলা প্রকৌশলী ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে।’ এলজিইডির পীরগাছা কার্যালয়ের উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কার করা হবে।