সড়ক সংস্কারকাজে অসন্তুষ্ট মন্ত্রী, প্রকৌশলীদের ভর্ত্সনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের মেরামতকাজে অসন্তোষ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার বিকেলে ওই সড়ক পরিদর্শনে গিয়ে তিনি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকৌশলীদের ভর্ত্সনা করেন।যোগাযোগমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমকে উদ্দেশ করে বলেন, ‘সড়ক মেরামত না করেই আপনি মিথ্যা রিপোর্ট দিয়েছেন। ঢাকায় পাঠানো রিপোর্টের সঙ্গে এখানকার সড়কের বাস্তব চিত্রের কোনো মিল নেই।’ সড়কের বাস্তব চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, সওজের কুমিল্লা সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজ খান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দিতে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদকে তাত্ক্ষণিক নির্দেশ দেন।ওবায়দুল কাদের প্রকৌশলীদের লক্ষ্য করে বলেন, ‘এ রাস্তায় মেরামতের কোনো চিহ্নও নেই। তোমরা কি মেরামত করেছ? মেরামতের জন্য বরাদ্দ করা এত টাকা গেল কোথায়? এটা কোনো রাস্তা হলো। এটা কি ঢাকা-চট্টগ্রামের বিকল্প রাস্তা হতে পারে?’ এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ রাস্তা ঠিক রাখতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। একই দিন ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এক্সেল লোড নিয়ন্ত্রণ (ওজন পরিমাপ নিয়ন্ত্রণ) কেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জুনের মধ্যে বিভিন্ন মহাসড়কে আরও আটটি ওজন পরিমাপ কেন্দ্র স্থাপন করা হবে। এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, মার্চের মধ্যে দেশের সব সড়কের মেরামতকাজ শেষ করা হবে। পাশাপাশি জাইকার সহযোগিতায় তাজপুর ও মেঘনার বিকল্প সেতু নির্মাণ করা হবে।