সড়ক সংস্কারে ধীরগতি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশনের মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
খুলনা সিটি করপোরেশনের মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের মহিরবাড়ি খালপাড় এলাকায় বসবাস প্রায় ৭০ হাজার মানুষের। এখানে ক্ষেত্রখালি, মতিয়াখালি ও গোরা খাল নামের তিনটি খাল রয়েছে। স্থানীয় বাসিন্দারা যাতায়াতের জন্য ব্যবহার করে মোল্লাপাড়া প্রধান সড়ক। পাঁচ বছরের বেশি সময় ধরে খালসহ পাশের মোল্লাপাড়া সড়কটি সংস্কারের কাজ চলছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

সিটি করপোরেশন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। আগে সড়কটি ছিল ইট বিছানো। প্রায় পাঁচ বছর আগে প্রথম শুরু হয় খালপাড় বাঁধানোর কাজ। তখন ট্রাক ও অন্যান্য পরিবহনে নির্মাণসামগ্রী আনা-নেওয়া করা হয়। এ কারণে ইট বিছানো সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তা ছাড়া সড়কের ওপর যেখানে-সেখানে রাখা ছিল নির্মাণসামগ্রী। এতে রিকশা, ইজিবাইক থেকে শুরু করে কোনো যানবাহনই ওই সড়কে চলাচল করতে পারত না। খালের পাড় সংস্কারের কাজ শেষ হয় গত বছরের মাঝামাঝিতে। এরপর ডিসেম্বর থেকে শুরু হয় সড়ক উন্নয়নের কাজ। ছয় মাসের বেশি সময় ধরে শুধু নালা (ড্রেন) নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল সড়কের কাজ এখনো শুরুই হয়নি। এতে এলাকাবাসীর ভোগান্তি বাড়ছেই।

ক্ষেত্রখালি, মতিয়াখালি ও গোরা খালের দুই পাড়ের প্রধান সড়কসহ সাড়ে ছয় কিলোমিটার সড়ক উন্নয়ন করা হচ্ছে। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা। আগামী সেপ্টেম্বর নাগাদ ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে।

এলাকাবাসীর অভিযোগ, কমসংখ্যক শ্রমিক নিয়ে খুব ধীরগতিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল কাজের অর্ধেকও এখনো বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে সিটি করপোরেশন ও ওয়ার্ড কাউন্সিলরকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি।

১৭ জুন সরেজমিনে দেখা যায়, কাদা-বালুতে পুরো রাস্তা একাকার। কিছু কিছু জায়গায় বালু ফেলে হেঁটে চলাচলের উপযোগী করা হয়েছে। সড়কের এক পাশে খালটি পুরোপুরি সিমেন্টের ঢালাই করে বাঁধাই করা। অন্য পাশে করা হচ্ছে ছোট নালা নির্মাণের কাজ, তবে সেটিও অসম্পূর্ণ।

ওই সড়কেই বাড়ি খুলনা জেলা জজকোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জেসমিন পারভিনের। সড়কের ওপর দাঁড়িয়েই কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, আগে থেকেই এই সড়কে যাতায়াতে ভোগান্তি ছিল। খালের কাজ শুরু হওয়ার পর সড়ক অনেকটা নষ্ট হয়ে যায়। তখন ভোগান্তি আরও বেড়ে যায়। দুই বছরের বেশি সময় ধরে ভোগান্তি চরমে উঠেছে। ঠিকাদার অত্যন্ত ধীরগতিতে কাজ করায় এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হুসাইনও এই সড়কের কারণে জনগণের দুর্ভোগের কথা স্বীকার করেন। তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সড়কের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। ঠিকাদার ও সিটি করপোরেশনকে জানানোর পরও কোনো কাজ হয়নি।

মোল্লাপাড়া মেইন রোড উন্নয়নের ওই কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফয়সাল ট্রেডার্স। ওই প্রতিষ্ঠানের মালিক খান হাফিজুর রহমান বলেন, গত বছরের ডিসেম্বরে কার্যাদেশ পাওয়া গেছে। পুরোদমে কাজ চলছে।

মহিরবাড়ি খালপাড় এলাকার ওই উন্নয়নকাজটি বাস্তবায়িত হচ্ছে সিটি করপোরেশনের নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায়। ওই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. ছয়ফুদ্দিন বলেন, এলাকাবাসীর ভোগান্তি হচ্ছে এটা ঠিক, তবে কাজ দ্রুতগতিতে হচ্ছে। দেরিতে কার্যাদেশ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে কি না, সন্দেহ আছে।