সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারগঞ্জ-জামালপুর সড়ক সংস্কারের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন আরও অভিযোগ করেছেন, কার্যাদেশ অনুযায়ী ওই সড়কের সংস্কারকাজ করা হচ্ছে না।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানান, মাদারগঞ্জ-জামালপুর প্রধান সড়কের মাদারগঞ্জ থেকে জামালপুর শহর পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক সংস্কারকাজ চলছে। ১৫ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকায় কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শামিম আহম্মেদ। ২৭ নভেম্বর সড়কটির সংস্কারকাজ শুরু হয়। ১০ মাস পাঁচ দিনের মধ্যে কাজ শেষ করার কথা।স্থানীয় লোকজন বলেন, কার্যাদেশ অনুযায়ী কার্পেটিংয়ের পুরুত্ব হওয়ার কথা ছিল ৪০ মিলিমিটার। কিন্তু সড়কের বেশির ভাগ জায়গায় ২০ থেকে ২৫ মিলিমিটার কার্পেটিং করা হচ্ছে। উত্তর জোড়খালী গ্রামের আবদুল করিমসহ স্থানীয় আরও অনেকে বলেন, বোল্ডার ভাঙা পাথর দিয়ে সড়ক সংস্কারের কথা থাকলেও মরা পাথর দিয়ে কাজ করা হচ্ছে। এ কারণে স্থানীয় লোকজন কাজে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে।সড়কের দায়িত্বে থাকা সওজের জামালপুরের উপসহকারী প্রকৌশলী মো. গোলাম মাহি উদ্দিন বলেন, কিছু সমস্যা থাকতে পারে। পরে সঠিকভাবে কাজ আদায় করে নেওয়া হবে। তিনি বলেন, ‘পাথরের নমুনা আমাদের পরীক্ষাগারে পরীক্ষা করার পর সেই পাথর দিয়ে কার্পেটিং করা হচ্ছে।’জামালপুর সওজের প্রকৌশলী (এসডিই) মো. তানভীর আহম্মেদ বলেন, কার্যাদেশ অনুযায়ী সড়কের কাজ চলছে। সওজের জামালপুর জেলা নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহিদ বলেন, তদারকির কাজে নিয়োজিত কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী কাজ চলছে। সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মির্জা আজম প্রথম আলোকে বলেন, প্রমাণ পেলে ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জানা যায়, অজিত কুমার ও জাকির হোসেন নামের দুই ব্যক্তি উপঠিকাদার হিসেবে কাজটি করছেন। তাঁরা ঠিকাদার শামিম আহম্মেদের কাছ থেকে কাজটি কিনে নিয়েছেন। রাস্তার দুই পাশ ভাঙার কথা স্বীকার করে জাকির বলেন, ‘মাত্র ১২ ফুট সড়কের দুই পাশে ভাঙতেই পারে। এটা রোধ করার মতো কারও ক্ষমতা নেই।’ এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাঁরা কার্যাদেশ অনুযায়ী কাজ করছেন।