সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার ঘুইংগারহাট-দৌলতখান বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়কের সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাজ শেষ হতে না-হতেই বিভিন্ন স্থানে পাথরকণা উঠে যাচ্ছে। অনেক স্থানে রয়ে গেছে গর্তও।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভোলা কার্যালয় সূত্র জানায়, সওজ বিভাগ ৬৫ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস করপোরেশনকে দিয়ে সড়ক সংস্কার করাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে এর কাজ শুরু হয়। বর্তমানে কাজ শেষ পর্যায়ে রয়েছে।
সড়কের আশপাশের কমপক্ষে ৫০ জন বাসিন্দা বলেন, মূল সড়কের সীমানা নির্ধারণ না করেই কোনো রকমে এ কাজ হচ্ছে। কাজ শুরু হওয়ার পর একজন কর্মকর্তাও কাজের মান দেখার জন্য আসেননি। নিম্নমানের কাজের অভিযোগে এর আগে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম একবার কাজ বন্ধ করে দিয়েছিলেন। তার পরও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার।
ঠিকাদার রাকিবুল হাসান বলেন, ৬৫ লাখ টাকার সংস্কারকাজ তাঁকে ৪৩ লাখ টাকায় করতে হচ্ছে। আট কিলোমিটারের স্থলে নয় কিলোমিটার সড়ক সংস্কার করতে হচ্ছে। সড়কে বড় গর্ত থাকলেও তা ভরাট করার কথা নকশায় নেই। শুধু সিলকোট করার কথা আছে। মানসম্মত কাজ করতে গিয়ে তাঁর লোকসান হচ্ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সড়কের গর্ত ভরাট না করে কোনোমতে পিচ ও পাথরকণা (সিলকোট) ফেলে সংস্কার করা হচ্ছে। সিলকোট ফেলে যাওয়ার পরই পাথর উঠে যাচ্ছে। কাজে নিম্নমানের বিটুমিন, ইট ও পাথরকণা ব্যবহার করা হচ্ছে। সারা দিনেও কাজ দেখতে সওজ বিভাগের কোনো কর্মকর্তা আসেননি।
সওজের কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাধারণত সওজ কার্যালয়ে কাজের মূল্যের সাড়ে ৫ শতাংশ ঘুষ নেওয়া হয়। কিন্তু ভোলায় এখন নির্বাহী প্রকৌশলী না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা বেশি ঘুষ নিয়ে নিম্নমানের কাজ করতে ঠিকাদারকে সুযোগ করে দিচ্ছেন। এ কাজের দায়িত্বে আছেন উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, ‘ভোলায় কাজ পরিদর্শনের দায়িত্বে যে কজন সহকারী প্রকৌশলী ও কার্যসহকারী আছেন, তাঁদের অনেক কাজ দেখতে হয়। তাই কেউ প্রতিটি কাজ দেখতে প্রতিদিন যেতে পারেন না। সিলকোট না বসার আগেই সড়কে গাড়ি চলায় পাথরকণা উঠে যাচ্ছে।’
বর্তমানে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী ফজলে রব্বে ভোলার অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনিও উপবিভাগীয় প্রকৌশলীর মতো বক্তব্য দেন। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি কাজের নিম্নমানের কথা শুনেছি। দৌলতখানে সওজের কার্যালয় নেই। তাই পরিদর্শনে যাইনি।’