সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের পরেও কাজ শেষ না করায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছে। সরেজমিনে খোঁজ নিয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি) অধীন কেউটিল ব্রিজ মজিবর চেয়ারম্যানের বাড়ি থেকে ভাগলপুর নলডুবি এলাকার ২ দশমিক ৭৫ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ৭০ লাখ ৫২ হাজার ১৯৫ টাকা চুক্তি মূল্যে কাজের কার্যাদেশ দেওয়া হয় মেসার্স শাহিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত বছরের ৩১ ডিসেম্বর কাজ শুরু হয়। চলতি বছরের ২৯ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। সড়কের ওই অংশে বিটুমিন ও কার্পেটিংয়ের কাজ করার কথা ছিল। স্থানীয় কেউটিল এলাকার বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আনিছুর রহমান মোল্যা অভিযোগ করেন, শুরু থেকেই নিম্নমানের খোয়া ও ইটের সুরকি দিয়ে কাজ করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মো. মোমিনুল ইসলাম অভিযোগ করেন, কার্যাদেশ দেওয়ার অনেক দিন পর থেকে ঠিকাদার কাজ শুরু করেন। এখন কাজ চলছে ধীরগতিতে। এখনো রাস্তার অনেক স্থান ভাঙা। সংস্কারকাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী।সরেজমিনে দেখা যায়, ইটের খোয়াগুলো একেবারেই নিম্নমানের। নিম্নমানের খোয়া সম্পর্কে রাস্তার কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধান শ্রমিক আবদুল হাই বলেন, এ ছাড়া উপায় নেই। কোথাও ভালো মানের খোয়া পাওয়া যাচ্ছে না। তাই খোয়ার মান কিছুটা খারাপ হচ্ছে।শাহিন এন্টারপ্রাইজের মালিক মো. শাহিনুর রহমান বলেন, ‘বর্ষা মৌসুম আসায় কোথাও ভালো ইট বা খোয়া পাওয়া যাচ্ছে না। এ ছাড়া কার্যাদেশের দরের চেয়ে নির্মাণসামগ্রীর বাজার দর এখন অনেক চড়া। আমাকে কাজের জন্য এক হাজার ইটের যে দাম ধরে দেওয়া হয়েছিল বর্তমানে তা থেকে কয়েক হাজার টাকা আরও বেশি দরে কিনতে হচ্ছে। তাই অনেকটা বাধ্য হয়েই যা পাওয়া যাচ্ছে, তা দিয়েই কাজ করছি।’ শাহিনুর রহমান কাজের সময়সীমা সম্পর্কে বলেন, বর্ষা মৌসুমে কাজ শেষ করা সম্ভব নয়, তাই সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক মোল্যা বলেন, ‘নিম্নমানের কাজের ব্যাপারে আমাদের কাছে একাধিকবার অভিযোগ এসেছে। পরে তদন্ত করে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ নিয়ে অন্তত সাত থেকে আটবার ঠিকাদারকে পত্র দিয়ে সতর্ক করা হয়েছে।