সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া রাস্তার মাথা থেকে নাঙ্গলকোটের কোদালিয়া পর্যন্ত সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।জানা গেছে, সড়ক ও জনপথের (সওজ) অধীনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া-চিলপাড়ার নয় কিলোমিটার সড়কসহ নাঙ্গলকোটের চিলপাড়া-কোদালিয়া থেকে লাকসামের দৌলতগঞ্জ পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের সংস্কারকাজের জন্য কাশেম কনস্ট্রাকশন নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৮ লাখ টাকায় কার্যাদেশ পায়। এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তায় রাতের অন্ধকারে বড় বড় গর্ত মাটি দিয়ে ভরাট করে ওপরের অংশে নিম্নমানের খোয়া দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। পরে এর ওপর বিটুমিন ও পোড়া মবিলের মিশ্রণ দেওয়া হচ্ছে। বড় বড় খানাখন্দ কোনো রকমে মেরামত করা হলেও ছোট গর্ত ও পাশের ভেঙে যাওয়া পাকা অংশ সংস্কার করা হচ্ছে না। স্থানীয় ভুক্তভোগী লোকজন অভিযোগ করেন, সড়কটি তিন উপজেলার লোকজনের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। অথচ সড়ক ও জনপথ বিভাগ এটি স্থায়ীভাবে মেরামত না করে প্রতিবছর গর্ত ভরাট ও সংস্কারের নামে সরকারের লাখ লাখ টাকা অপচয় করছে। তবে এসব টাকা একসঙ্গে কাজে লাগাতে পারলে রাস্তাটি স্থায়ীভাবে মেরামত করা সম্ভব।ধোড়করা বাজারের ব্যবসায়ী নজির আহমদ বলেন, ‘কাজের ধরন দেখে মনে হচ্ছে, এতে ২৮ লাখ টাকার আট লাখ টাকাও ব্যয় করা হবে না।’চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওহিদুর রহমান খাঁ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তাঁরা স্থানীয় সাংসদ ও সওজের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন। সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, সড়কটি সংস্কারের জন্য ৪২ লাখ টাকার প্রাক্কলন ব্যয় ধরা হয়। তবে দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাশেম কনস্ট্রাকশন ২৮ লাখ টাকায় কাজটি পায়। সড়কের গর্তগুলো বালি ও খোয়া দিয়ে মেকাডম এবং পরে পাথর দিয়ে সিলকোট করার কথা। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।কাশেম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবুল কাশেম জানান, রাস্তাটিতে শুধু বড় বড় গর্ত সংস্কারের করার কথা থাকলেও রাস্তার বেশির ভাগ অংশেরই ভাঙাচোরা সংস্কার করতে হচ্ছে। তবে তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা অস্বীকার করেন।