সড়ক সংস্কারে হাত দিল পুলিশ

বেহাল মহাসড়ক। মানুষজনের চলাচলে যেমন কষ্ট হচ্ছে, তেমনি রাত-বিরাতে রয়েছে ডাকাতির আশঙ্কা। এসব চিন্তা করে সড়কের ভাঙাচোরা স্থানগুলো সংস্কারের উদ্যোগ নিল পুলিশ। পুলিশ সদস্যরা নিজেরাই সংস্কারকাজে হাত দিলেন; সঙ্গে ছিলেন স্থানীয় লোকজন।
গতকাল সোমবার ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেল পুলিশ এ উদ্যোগ নেয়। সকালে এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন কালীগঞ্জ-জীবননগর ভায়া কোটচাঁদপুর মহাসড়কের বেশ কয়েকটি ছোট-বড় গর্ত ইট ও বালি দিয়ে ভরাট করেন।
পুলিশ বলছে, ভাঙাচোরা সড়ক দিয়ে মানুষ ও যানবাহন চলাচলে এখন ভোগান্তির শেষ নেই। তা ছাড়া এসব স্থানে গিয়ে গাড়ির গতি কমে যায়। ফলে গাড়িগুলো সহজেই ডাকাতদের কবলে পড়ে। মানুষজনকে এসব ভোগান্তি থেকে রেহাই দিতেই তাদের এ উদ্যোগ। গতকাল সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর নামক স্থানে সড়কের বেশ কয়েকটি বড় গর্ত ভরাট করা হয়।
ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান বলেন, যে স্থানে পুলিশের পক্ষ থেকে সংস্কার করা হয়েছে, সেটি সমান করতে তিনি শিগগিরই লোক পাঠাবেন। প্রকৌশলী সেলিম দাবি করেন, সড়কটি ভালোভাবে সংস্কার করতে ঠিকাদার নিয়োগ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এ কারণে তাঁরা অস্থায়ী কাজ করেননি।