সড়ক সংস্কারের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের সংস্কারকাজ গতকাল শনিবার সকাল থেকে শুরু হয়েছে। ঈদুল ফিতরের আগে এটি সংস্কারের দাবিতে গত শুক্রবার বাস ধমর্ঘট করার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় বাসমালিক ও শ্রমিকেরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের দাউদকান্দি উপজেলার নৈয়ার এলাকায় প্রায় ১২ জন শ্রমিক সড়ক সংস্কারের কাজ করছেন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান বলেন, কয়েক দিনের মধ্যে সড়কের সব গর্তে ইটের খোয়া ও বালু ফেলে অস্থায়ী মেরামত কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে। সড়কের নায়েরগাঁও এলাকা পর্যন্ত এ কাজ চলবে। ঈদের পর সড়কে স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে।
এই সড়কের দুরবস্থার বিষয়ে গতকাল প্রথম আলোতে ‘ঈদের আগে সড়ক সংস্কারের দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই প্রতিবেদনটি সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিনের নজরে আসে। প্রতিবেদন দেখে তিনি সংস্কারকাজ শুরু করার নির্দেশ দেন। তিনি বলেন, সড়কটি সংস্কারে অর্থের কোনো সমস্যা নেই। অধিগ্রহণ জটিলতা কেটে গেলেই সড়কে স্থায়ীভাবে সংস্কারের কাজ শুরু করা হবে। তবে এ ধরনের অস্থায়ী সংস্কারকাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে বাসচালক মুক্তার হোসেন বলেন, টানা বৃষ্টি হলে গর্ত থেকে ইট ও বালু সরে গেলে যানবাহন চলাচলের সময় যাত্রীরা আরও বেশি কষ্ট পাবেন।