সড়ক সংস্কারের কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-সান্তাহার সড়ক সংস্কারের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজ শেষ না করেই চলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংস্কারের কাজ শেষ না করায় এবং বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। একই কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-সান্তাহার সড়কটির দৈর্ঘ্য ৫০ কিলোমিটার। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর সওজের ঢাকার প্রধান কার্যালয় থেকে ২০০৮ সালে প্রথম ধাপে বগুড়া সড়কটির চারমাথা থেকে দুপচাঁচিয়ার চৌমুহনী বাজার পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক মেরামত করার জন্য দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ব্যয় নির্ধারণ করা হয় প্রায় ১০ কোটি ২০ লাখ টাকা। ২০০৯ সালের মে মাসে দরপত্রের প্রক্রিয়া শেষ হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ঢাকার রাইজিং কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। ওই সময় সওজ ১০ মাসের সময়সীমা বেঁধে দিয়ে সড়ক সংস্কারের কার্যাদেশ দেয়। পরবর্তী সময়ে কাজটি শেষ করার জন্য রাইজিং কনস্ট্রাকশন রাজশাহীর রয়েল কনস্ট্রাকশন নামের অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। রয়েল কনস্ট্রাকশন চলতি বছরের ১ জানুয়ারি থেকে বগুড়ার চারমাথা থেকে সংস্কারের কাজ শুরু করে এরুলিয়া বিমানবন্দর পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তায় কাজ করে। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সওজ বিভাগের কর্মকর্তাদের না জানিয়ে গত ২০ জানুয়ারি হঠাত্ কাজ বন্ধ করে চলে যায়। বগুড়া চারমাথা থেকে কাহালুর দরগাহাট অংশের ১০ কিলোমিটারের সংস্কারকাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সওজের বগুড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন ও দরগাহাট থেকে দুপচাঁচিয়ার চৌমুহনী বাজার অংশের ১৬ কিলোমিটারের কাজ দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী ফারুক আহমদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান সওজের কর্মকর্তাদের না জানিয়ে হঠাত্ করে কাজ বন্ধ করে দিয়েছে। প্রধান কার্যালয় থেকে দরপত্র আহ্বান করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের কাজ বুঝে নিতে কষ্ট হচ্ছে। সওজের বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়ক সংস্কারের কাজে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। রাইজিং কনস্ট্রাকশনের কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।