সড়ক সংস্কারের জন্য চাঁদা দাবি
বরগুনা-ঢাকা সড়কে চলাচলকারী বাসগুলোর স্থানীয় প্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের জন্য চাঁদা চেয়ে চিঠি দিয়েছে বরগুনা জেলা বাস মালিক সমিতি। ধার্য করা চাঁদার অর্থ না দিলে এসব বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সমিতির নেতারা। এ নিয়ে বাসগুলোর স্থানীয় প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।বরগুনা-ঢাকা সড়কে চলাচলকারী মেঘনা ট্রাভেলস নামের একটি বাসের স্থানীয় প্রতিনিধি আমিনুল হক জানান, এই পথে প্রতিদিন ১১টি বাস কোম্পানির ২২টি বাস চলাচল করে। বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কের বরগুনা থেকে চান্দখালী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য জেলা বাস মালিক সমিতি বরগুনা-ঢাকা সড়কে চলাচলকারী ১১টি বাস কোম্পানির স্থানীয় প্রতিনিধিদের কাছে চিঠি পাঠায়। প্রায় ১৫ দিন আগে মালিক সমিতির নেতারা এই চিঠি পাঠান। এতে বাসপ্রতি পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। এর মধ্যে সোনারতরী, দক্ষিণ বাংলা, অন্তরা ও অনন্ত পরিবহনের কাছে পাঁচ হাজার এবং পটুয়াখালী এক্সপ্রেস, মেঘনা, সাকুরা, সুগন্ধা, দেশ, সুন্দরবন ও মিয়া পরিবহনের মালিকদের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন মালিক সমিতির নেতারা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিনিধি বলেন, ‘আমরা মালিক সমিতির চাঁদাবাজি আর অন্যায় আবদার পূরণ করতে করতে এখন ক্লান্ত। কিন্তু সমিতির নেতারা প্রভাবশালী হওয়ায় এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। দিনের পর দিন এভাবে চলতে থাকলে বাস চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।’বিভিন্ন বাসের স্থানীয় প্রতিনিধিরা আরও জানান, বরগুনা-ঢাকা সড়কে চান্দখালী-বাকেরগঞ্জ হয়ে যেসব বাস চলাচল করে, সেসব বাসপ্রতি দৈনিক ১৩০ টাকা করে মালিক সমিতিকে চাঁদা দিয়ে আসছেন তাঁরা। এ ছাড়া আমতলী হয়ে ঢাকায় যেসব বাস চলাচল করে, সেগুলো থেকেও একই হারে চাঁদা আদায় করে মালিক সমিতি। এরপর প্রায়ই নানা অজুহাতে মালিক সমিতি তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেয়। ব্যবসার স্বার্থে তাঁরা এই অর্থ দিতে অনেকটা বাধ্য হন। তাঁদের অভিযোগ, এখন বাসমালিকেরা ঈদের আগে তাঁদের জিম্মি করে এই অর্থ আদায়ের কৌশল নিয়েছেন।অন্তরা পরিবহনের প্রতিনিধি ইমাম হোসেন জানান, চাঁদার বিষয়টি তিনি তাঁর বাসের মালিকপক্ষকে জানালে মালিক তাঁকে জানিয়েছেন, চাঁদা দিয়ে তিনি এই পথে গাড়ি চালাবেন না। তিনি বলেন, ‘প্রভাব খাটিয়ে মালিক সমিতির নেতারা অন্যায়ভাবে আমাদের কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায় করছেন।’জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগির হোসেন বলেন, ‘আমরা নিজেদের অর্থায়নে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে বরগুনা থেকে চান্দখালী পর্যন্ত সড়ক সংস্কার করেছি। ঢাকা-বরগুনা সড়কে দূরপাল্লার যেসব বাস এই রাস্তা দিয়ে চলাচল করে, সেসব বাসের মালিকদের কাছে রাস্তা সংস্কারের খরচ বাবদ আমরা ৬০ হাজার টাকা চেয়েছি।’ প্রতিদিন বাসপ্রতি ১৩০ টাকা চাঁদা আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মধ্যে ১০০ টাকা মালিক সমিতি ও ৩০ টাকা শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলে জমা করা হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা-সহায়তার জন্য আমরা এই অর্থ নিই।’ সওজের রাস্তা আপনারা সংস্কার করছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের আশায় বসে থাকলে তো রাস্তায় গাড়ি চালানো যাবে না। তাই ভাঙাচোরা রাস্তা চলাচল উপযোগী রাখতে আমরা জরুরি ভিত্তিতে সংস্কার করে নিই।’