সড়ক সংস্কারের দাবি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই ও কুষ্টিয়া শহরবাসী। গতকাল রোববার বেলা ১১টায় শহরের মজমপুরে ট্রাফিক কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া শাখার সভাপতি কে এম জাহিদ, সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মিজানুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুকাদ্দেস হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ মজমপুর এলাকায় মহাসড়ক খানাখন্দে ভরা। এখানে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের একমাত্র সড়ক এই কুষ্টিয়া শহরের বুকের ওপর দিয়ে গেছে। মজমপুর ট্রাফিক কার্যালয়ের সামনের সড়কে খানাখন্দে কার্পেটিং না করে মাঝে মাঝে ইট আর বালি দিয়ে সংস্কারকাজ চালায় সওজ বিভাগের লোকজন। কয়েক দিন পর সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

সমাবেশে সড়ক সংস্কার, মহাসড়কে ইজিবাইকের বেপরোয়া চলা, যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিও জানানো হয়। সমাবেশ শেষে মানববন্ধনে অংশ নেওয়া নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।

কুষ্টিয়া সওজ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মজমপুর এলাকায় খানাখন্দ সংস্কারের জন্য একটি প্রকল্প পাস হয়েছে। সেটির দরপত্রও জমা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যে সড়কটি মজবুত করে সংস্কার করা হবে।