সড়ক সংস্কারের দাবিতে অবরোধ মানববন্ধন
পটুয়াখালীর বাউফল উপজেলায় বগা-বাউফল-কালাইয়া-দশমিনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে সর্বস্তরের মানুষ গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করেছেন। পরে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেন।সমাবেশে বক্তারা বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগে এ সড়কটি সংস্কার করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে বাউফলের সঙ্গে দশমিনার যান চলাচল বন্ধ হয়ে গেছে। ১৫ দিনের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।সমাবেশে বক্তব্য দেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান তালুকদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. হুমায়ুন কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোকছেদুর রহমান প্রমুখ। সওজের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, অর্থ বরাদ্দ না থাকায় রাস্তার কাজ বন্ধ রয়েছে। অর্থ ছাড়ের চেষ্টা চলছে। গত বছরের ১২ ডিসেম্বর ‘বরাদ্দ ফেরত, সংস্কার বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।