সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি
নীলফামারী-ডোমার ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে জেলাবাসী কাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করার ডাক দিয়েছে।জেলাবাসীর পক্ষে শনিবার বিকেলে নীলফামারী চেম্বার ভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নীলফামারী শিল্প ও বণিক সমিতির আবদুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীদ মাহমুদ ও দৌলত জাহান, নীলফামারী সচেতন নাগরিক সমাজের (সনাক) সদস্য মজিবুল হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহজাহান চৌধুরী, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক প্রমুখ। সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, কাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই ২২ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হবে।জানা গেছে, চলাচলের সম্পূর্ণ অযোগ্য এ সড়কের সংস্কারকাজের জন্য সাড়ে তিন বছর আগে দরপত্র প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেওয়া হলেও প্রশাসনিক জটিলতার কারণে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরুই করতে পারেনি।