সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা-প্রাগপুর-মহিষকুণ্ডী আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।গত বুধবার জেলা বাস মালিক ও পরিবহন শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দিলে বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে দৌলতপুরের সঙ্গে কুষ্টিয়া জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে কুষ্টিয়াগামী সাধারণ যাত্রী। মালিক-শ্রমিক নেতাদের অভিযোগ, আল্লারদর্গা-প্রাগপুর-মহিষকুণ্ডী সড়কের পাথর উঠে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে বাস চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। চলাচলের অযোগ্য হওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়।কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম প্রথম আলোকে বলেন, প্রায় ২০ কিলোমিটার সড়ক বাস চলাচলের অযোগ্য হওয়ায় বাধ্য হয়ে ধর্মঘট ডাকা হয়েছে। যত দিন সড়ক বাস চলাচলের উপযোগী না হবে তত দিন ধর্মঘট চলবে। এ ব্যাপারে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কাফি হোসেন প্রথম আলোকে বলেন, আজ (শুক্রবার) সকাল থেকে বাস চলাচলের উপযোগী করার জন্য সড়কের যেসব জায়গায় গর্ত দেখা যাচ্ছে সেখানে ইট ফেলে রুলার করানো হচ্ছে।