সড়ক সংস্কারের দাবিতে জাফলংয়ে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন এলাকা হিসেবে পরিচিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যাওয়ার রাস্তা মামার বাজার সড়ক সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার সিলেট-তামাবিল মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখা হয়। স্থানীয় পাথর ব্যবসায়ী, ট্রাকের মালিক ও শ্রমিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়কের গুচ্ছগ্রাম এলাকা অবরোধ করে রাখা হয়। অবরোধ চলাকালে জাফলং সফরে আসা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের গাড়িসহ সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেওয়ার জন্য স্থানীয় লোকজনকে অনুরোধ করেন। কিন্তু তাঁরা ইউএনওর অনুরোধে এ কর্মসূচি প্রত্যাহার করেননি। অবশেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রহমান, উপসচিব শিবনাথ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।এ কর্মসূচিতে অংশ নেওয়া সামাজিক সংগঠন প্রজন্ম জাফলংয়ের সভাপতি করিম মাহমুদ জানান, সংস্কার না করায় মামার বাজার থেকে বল্লাঘাট পিকনিক স্পট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বর্ষার সময় এ সড়কে কাদা জমে থাকে। এ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধনসহ অনেক কর্মসূচি পালন করলেও সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।