সড়ক সংস্কারের দাবিতে বাস মালিক সমিতির আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের খানাখন্দে পড়ে গাড়ি অকেজো হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। তার পরও সড়কগুলো সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বরিশাল, বরিশাল-পটুয়াখালী ও ঝালকাঠি বাস মালিক সমিতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।গতকাল শুক্রবার বিকেলে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন বাসের মালিক ও শ্রমিকেরা। তাঁরা ঈদের আগে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে ঈদের পরে পুরো দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান, ঝালকাঠি মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দীর্ঘদিন সংস্কার না করায় ফরিদপুর-বরিশাল, বরিশাল-পয়সারহাট, বরিশাল-চান্দুখালী, বরিশাল-বরগুনা, বরিশাল-ভোলা, পটুয়াখালী, বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, পাথরঘাটা, মঠবাড়িয়াসহ দক্ষিণাঞ্চলের আঞ্চলিক ও মহাসড়কগুলো গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিন এসব সড়কে তিন-চারটি করে গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকে। তা ছাড়া রাস্তা খারাপ হওয়ায় গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগে। এ অবস্থায় আঞ্চলিক ও মাহসড়কগুলো অনতিবিলম্বে সংস্কার করা না হলে দক্ষিণাঞ্চলে যান চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। সংবাদ সম্মেলনে দাবি আদায়ে ২১ আগস্ট বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রুপাতলী বাস ও মিনিবাস টার্মিনালে মানববন্ধন, প্রতীকী কর্মবিরতী এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানেরও ঘোষণা দেওয়া হয়।