সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন সংগঠন, পরিবহনশ্রমিক, যানচালক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জনউদ্যোগের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, উদীচীর জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরান প্রমুখ। মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে পৌরসভার সামনের সড়কটি পাঁচ মিনিট অবরোধ করে রাখেন।