সড়ক সংস্কারের দাবিতে শৈলকুপায় গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে গণ-অনশন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার উপজেলা শহরের শহীদ মিনার চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শৈলকুপা শাখা ওই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সকাল নয়টায় অনশন শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা অবিলম্বে সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ফলের রস পান করিয়ে অনশন ভঙ্গ করান। সিপিবি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন বাগচী বলেন, সড়ক সংস্কার ও বিভিন্ন সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছেন। তাঁদের এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সংগঠক রবিউল আলম খোকন, শৈলকুপার সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জয় বিশ্বাস, ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সম্পাদক সুজন বিপ্লব বিশ্বাস, উদীচী শৈলকুপা শাখার সম্পাদক আলমগীর অরণ্য, কিশোর বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, একই দাবিতে গত রোববার উপজেলায় একতা যুবসংঘের উদ্যোগে মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়।